জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার দাবিতে গণ-অবস্থান অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার দাবিতে শাহবাগে গণ-অবস্থান অব্যাহত রাখার ঘোষণা। ৮ আগস্ট, ঢাকা৷
ছবি: প্রথম আলো

জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে রাজধানীর শাহবাগে গণ-অবস্থান কর্মসূচি করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ একদল মানুষ। দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’ ব্যানারে চলা এই গণ-অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এর উদ্যোক্তারা।

গত শনিবার সন্ধ্যা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি চলছে। আজ সোমবার সন্ধ্যার দিকে কর্মসূচিস্থলে সংবাদ সম্মেলন করে গণ-অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়৷

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা-ঐক্যের সমন্বয়ক রুহুল আমিন। এতে বলা হয়, সরকারের লুটপাট ও ভুল সিদ্ধান্তের কারণে যে আর্থিক সংকট তৈরি হয়েছে, সেই দীনতা দূর করতে তারা জনগণের পকেট কাটার উদ্দেশ্যে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। সংগত কারণেই আমরা সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারি না। আমরা আমাদের অবস্থানে অনড় থাকব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের গণ-অবস্থান চলতে থাকবে।

এদিকে গণ-অবস্থান কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের জন্য আগামী শুক্রবার (১২ আগস্ট) বেলা তিনটায় শাহবাগে গণ-সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন গণ-অবস্থানের অন্যতম উদ্যোক্তা মহিদুল ইসলাম দাউদ। মহিদুল অভিযোগ করেন, কিছু পুলিশ কর্মকর্তা ও সদস্য তাঁদের ওপর হামলা করেছেন। পুলিশের এসব কর্মকর্তা ও সদস্যের নামে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বরাবর তাঁরা লিখিত অভিযোগ দেবেন।