গাবতলীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুই নারী নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি। ছবি: এআই/প্রথম আলো গ্রাফিকস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন।

নিহত একজনের নাম দেলোয়ারা বেগম (৭০)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মনোয়ারা বেগম (৭৫) নামে এক নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। দেলোয়ারা ও মনোয়ারা সম্পর্কে বোন হন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন প্রথম আলোকে এই তথ্য জানান।

ওসি দুলাল হোসেন বলেন, গাবতলীর পর্বত এলাকায় তিনজন নারী একসঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় বগুড়া থেকে ঢাকায় চলাচল করা চাঁদনি পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান। আরেকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

দুলাল হোসেন বলেন, চাঁদনি পরিবহন নামের বাসটি ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেলোয়ারা বেগমের জামাতা বাবু হোসেন প্রথম আলোকে বলেন, নিহত দেলোয়ারা ও আহত মনোয়ারা সম্পর্কে বোন হন। তাঁরা সাভারে থাকেন। দুজন মিরপুরে আরেক বোনের বাসায় এসেছিলেন। এখান থেকে সাভারে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন।