সাইবার সাক্ষরতা গড়ে না ওঠায় সাইবার দুর্বৃত্তায়ন বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইবার নিরাপত্তা সচেতনতা মাসবিষয়ক জাতীয় কমিটি আয়োজিত সংবাদ সম্মেলন
ছবি: প্রথম আলো

সরকারি হিসাব অনুযায়ী দেশে বর্তমানে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির যেভাবে প্রসার হচ্ছে, সেভাবে জনগণের মধ্যে ডিজিটাল লিটারেসি বা সাইবার সাক্ষরতা গড়ে ওঠেনি। ফলে ক্রমেই সাইবার দুর্বৃত্তায়নের শিকার হওয়ার ঘটনা বাড়ছে বলে মনে করছেন প্রযুক্তিবিশেষজ্ঞরা।

সাইবার নিরাপত্তা সচেতনতা মাসবিষয়ক জাতীয় কমিটি আয়োজিত সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (ক্যাম) অক্টোবর কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আজ শুক্রবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

প্রযুক্তিবিশেষজ্ঞরা বলেন, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালু, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সফটওয়্যার আপডেটকরণ এবং ফিশিং চেনা ও রিপোর্ট করা—এই চারটি পদক্ষেপ অনুসরণ করে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা যায়। মাত্র এই কয়েকটি ক্লিকের মাধ্যমে অনলাইনে তথ্য নিরাপদ ও সুরক্ষিত রাখা যায়।

সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মুশফিকুর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের চার স্তম্ভ—কানেকটিভিটি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, ই-গভর্ন্যান্স ও আইসিটি ইন্ডাস্ট্রি প্রমোশনের আলোকে গত ১৩ বছরে বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করেছে সরকার। এসবকে ঘিরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির যেভাবে প্রসার হচ্ছে, সেভাবে জনগণের মধ্যে ডিজিটাল লিটারেসি বা সাইবার সাক্ষরতা গড়ে ওঠেনি। ফলে ক্রমেই সাইবার দুর্বৃত্তায়নের শিকার হওয়ার ঘটনা বাড়ছে।

মুশফিকুর রহমান জানান, সিসিএ ফাউন্ডেশন প্রকাশিত ‘বাংলাদেশের সাইবার অপরাধ প্রবণতা ২০২২’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে দেখা যায়, সাইবার নিরাপত্তাহীনতার শিকার প্রায় ৮০ শতাংশ ভুক্তভোগীর বয়স ১৮ থেকে ৩০ বছর। ভুক্তভোগীদের মধ্যে পুরুষ ৪৩ দশমিক ২২ শতাংশ ও নারী ৫৬ দশমিক ৭৮ শতাংশ। গত বছরের প্রতিবেদনে ভুক্তভোগীদের ৫০ দশমিক ১৬ শতাংশ বুলিংয়ের শিকার হয়েছিল। ২০২২ সালের প্রতিবেদনে তা বেড়ে ৫০ দশমিক ২৭ শতাংশ হয়েছে। এ ছাড়া দেশে আশঙ্কাজনকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিং বা তথ্য চুরি বেড়েছে।

হয়রানির শিকার ব্যক্তিদের ৭৩ দশমিক ৪ শতাংশই আইনের আশ্রয় নেন না। লোকলজ্জার ভয়সহ বিভিন্ন কারণে অপরাধের বিষয়ে ভুক্তভোগীরা অভিযোগ করেন না।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবির যুগ্ম মহাসচিব মো. আবদুল কাইয়ুম রাশেদ বলেন, ‘আমরা এই সচেতনতা কর্মসূচিকে জনগণের কাছে পৌঁছে দেব। সাইবার নিরাপদ রাখার প্রথম ধাপ নিজের সচেতনতা। সফটওয়্যার আপডেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপডেট চাইলে সঙ্গে সঙ্গে আপডেট করে নিতে হবে। কারণ, বিশ্বের কোথাও কোনো সমস্যা হলে সফটওয়্যার কর্তৃপক্ষ এই আপডেট করে। কোনো লিংকে ক্লিক করার আগে জানতে হবে, এটাতে কোনো ফিশিং আছে কি না।’

ক্যাম জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ কাওছার উদ্দিন বলেন, আইএসপিএবি, রবিসহ বিভিন্ন কোম্পানির উচিত এ ধরনের সচেতনতা কার্যক্রম চালু করা, যা শুধু অক্টোবর মাসেই নয়, সারা বছর করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে এক জরিপে দেখা গেছে, অধিকাংশ মেয়ের পাসওয়ার্ড তাঁর ঘনিষ্ঠ বন্ধু জানেন। এটা একটি অশনির বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের যদি এমন অবস্থা থাকে, তাহলে সারা দেশের কী অবস্থা! তাই সারা বছর এ সচেতনতা চালু রাখতে হবে এবং তা প্রান্তিক পর্যন্ত পৌঁছে দিতে হবে।

বক্তারা জানান, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যালায়েন্স (এনসিএসএ) ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) পৃথিবীজুড়ে সাইবার সচেতনতা মাসের এই ক্যাম্পেইনের নেতৃত্ব দিচ্ছে। মাসব্যাপী ক্যাম ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতার বার্তা সারা দেশে পৌঁছে দিতে যেকোনো ব্যক্তি বা সংগঠনকে এ কর্মসূচিতে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সাইবার নিরাপত্তা সচেতনতা মাসবিষয়ক জাতীয় কমিটি।

ক্যাম জাতীয় কমিটির কর্মসূচি হলো মাসব্যাপী ক্যাম ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতার বার্তা সারা দেশে পৌঁছে দিতে যেকোনো ব্যক্তি-সংগঠনকে এ কর্মসূচিতে যুক্ত করার উদ্যোগ নিয়েছে ক্যাম জাতীয় কমিটি। তৃণমূল ছাড়াও জাতীয় পর্যায়ে কর্মসূচির মধ্যে রয়েছে মাসব্যাপী সারা দেশে এসএমএস ক্যাম্পেইন, ৬৪ জেলা থেকে শতাধিক তরুণ-তরুণীকে নিয়ে ঢাকায় যুব কর্মশালার আয়োজন, সাইবার সুরক্ষাবিষয়ক আলোচনা সভা, প্রতি সপ্তাহে বিশিষ্টজনদের নিয়ে বিষয়ভিত্তিক ওয়েবিনার, ডিজিটাল পোস্টার ডিজাইন প্রতিযোগিতা, স্যোশাল মিডিয়ায় মাসব্যাপী ক্যাম্পেইন।

সিসিএ ফাউন্ডেশনের সভাপতি কাজী মুস্তাফিজের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রবির প্রতিনিধি সঞ্জয় চক্রবর্তী, আবুল হাছান প্রমুখ।