বিএসএমএমইউতে ডাক্তার দেখাতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠান
ছবি: বিএসএমএমইউয়ের জনসংযোগ বিভাগের সৌজন্যে

রোগীদের ভোগান্তি কমাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ এর শুভ উদ্বোধন করেন। বিএসএমএমইউয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কার্যক্রম শুরু হওয়ায় সকালে এসে রোগীদের ভিড়ের মধ্যে লাইনে দাঁড়াতে হবে না। একজন রোগী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ট্যাবে ক্লিক করে তাঁর প্রয়োজনীয় বিভাগে সুবিধাজনক সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসকের পরামর্শ সেবা নিতে পারবেন। ৪৩টি বিভাগে এই সেবা চালু হয়েছে। বর্তমানে প্রতিদিন ১ হাজার ৬৫০ জন রোগী এই সুবিধা পাবেন।

পর্যায়ক্রমে এ সংখ্যা বাড়ানো হবে এবং অনলাইন পদ্ধতির ধাপে ধাপে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় ধরনের মাইলফলক হয়ে থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় হলো সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা, সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, বেলা সাড়ে ১১টা এবং দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ১টা ৩০ মিনিট।

এর ফলে রোগীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অপশন গিয়ে নিজের নাম, বয়স, চিকিৎসার বিভাগ, মুঠোফোন নম্বর ও অ্যাপয়েন্টমেন্টের সময় উল্লেখ করে সাবমিট দিতে হবে। এখানে রোগীরা পছন্দমতো সময় নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষা, গবেষণা ও সেবায় আগের চেয়ে সেরা অবস্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। পদ্মা সেতু হওয়ায় দৈনিক রোগী বেড়ে এক হাজারের বেশি হচ্ছে। মেট্রোরেল চালু হলে আরও দুই হাজার রোগী বাড়বে। যোগাযোগব্যবস্থা যত ভালো হবে, ততই আমাদের এখানে রোগীদের চাপ বাড়বে। এ জন্য আমাদের দক্ষ ও প্রচুর জনবল দরকার। বিশ্ববিদ্যালয়ের আইটি শাখায় জনবল বৃদ্ধির ব্যবস্থা নেওয়া হবে।’

ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘রোগী সেবার ক্ষেত্রে সুপার স্পেশালাইজড হাসপাতাল এমন জায়গায় যাবে যে রোগীরা বিদেশে যাবে না, সেই আস্থা আমরা তৈরি করব। সুপার স্পেশালাইজড হাসপাতালে হেলথ ইনফরমেশন সিস্টেম চালু রয়েছে। এটিও এখানে চালু করা হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে কারিগরি বিষয় নিয়ে আলোচনা করেন আইটি অফিসের ইনচার্জ ও ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান মো. সায়েদুর রহমান।