রাজধানীতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫১
দুই দিনে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রধারী, কিশোর গ্যাংয়ের সদস্য, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ মোট ৫১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অবৈধ অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমালসহ সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইনবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারির সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ও গতকাল মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন থাকা ইউনিট, র্যাব ও থানা-পুলিশের সমন্বয়ে মোহাম্মদপুর, আদাবর, আজিমপুর, ঢাকা কলেজ, খিলক্ষেত, উত্তরা, আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড, দক্ষিণখান, নিকুঞ্জ এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে কামরাঙ্গীরচরে ডাকাতির ঘটনায় জড়িত কিশোর গ্যাং ‘কুট্টি গ্রুপ’–এর নেতা রাসেল ও তার ভাই ব্রাদার বুশসহ (সাব্বির) কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্য, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসীসহ মোট ৫১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় তল্লাশি চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অবৈধ অস্ত্র ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট এলাকার থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়।