লিড বাংলাদেশ ইয়ুথ সামিট অনুষ্ঠিত

দ্য হাঙ্গার প্রজেক্ট ও ব্রিটিশ কাউন্সিল আয়োজিত লিড বাংলাদেশ ইয়ুথ সামিটে স্টল ঘুরে দেখছেন অতিথিরা। ঢাকা, মুক্তিযুদ্ধ জাদুঘর, ২০ ডিসেম্বরছবি: আশরাফুল আলম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল লিড বাংলাদেশ ইয়ুথ সামিট। মঙ্গলবার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে তরুণদের নিয়ে এ সম্মেলন হয়।

দিনব্যাপী এই সামিটে প্রায় তিন শতাধিক তরুণ তাদের গৃহীত সামাজিক উদ্যোগ প্রদর্শন করে। তারা প্রতিটি উদ্যোগের বর্তমান অবস্থা, অর্জন ও বাধা তুলে ধরে। পাশাপাশি কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য পরবর্তী করণীয়র কথা তুলে ধরেন।

আয়োজক পক্ষ জানায়, এসডিজি ১৬ বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সামাজিক উদ্যোগের একটি প্রকল্প পরিচালিত হয়। এর অংশ হিসেবে ঢাকা, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জে প্রায় পাঁচ শতাধিক তরুণকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার ও এলাকার ইতিবাচক সামাজিক শক্তিকে যুক্ত করা হয়। এতে সক্রিয় নাগরিক উদ্যোগ, জনগণের অংশগ্রহণ, সরকারি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা, শক্তিশালী প্রতিষ্ঠান, সেবার মান বৃদ্ধি, স্থায়ীত্বশীল স্থানীয় উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সফলতার দৃষ্টান্ত দেখা যায়।

দ্য হাঙ্গার প্রজেক্টর আয়োজনে এবং ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় লিড বাংলাদেশ প্রকল্পের আওতায় ৫০৫ জন তরুণ এই প্রশিক্ষণ গ্রহণ করে। ২০২১ সালে অক্টোবর থেকে চলতি মাস পর্যন্ত এই প্রশিক্ষণ চলে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সেন্টার ফর এডভান্সিং স্টাডিসের নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, মানুষের সঙ্গে যোগাযোগ করাটা শিখতে হবে। বিষয়টা নিজেদের মধ্যে আনতে হবে। মূল বিষয় হচ্ছে, নিজেকে উন্মোচন করতে হবে। ছোট বড় অনেক প্রকল্প নিয়ে, তার আউটপুট বের করতে হবে। তা সবাইকে জানাতে হবে। এরপর বই লিখতে হবে। মূল শক্তিই যোগাযোগ।

সম্মেলনের সভাপতির বক্তব্যে দ্য হাঙ্গার প্রজেক্ট-এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর এবং সুশাসনের জন্য নাগরিক-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা তরুণদের বিকাশের সুযোগ করে দিতে চাই। সমাজের প্রতি তাদের দায়বদ্ধতাও স্মরণ করিয়ে দিতে চাই। এসব আমাদের কাজ। তাদের উদ্দেশ্য সমাজের প্রতি দায়বদ্ধতা থাকা। পড়াশোনা যারা করছেন, তাদের এই খরচ বহনে দরিদ্র মানুষদেরও ভূমিকা রয়েছে। সবাইকে নিয়ে চললেই আমাদের মুক্তি আসবে।’

অনুষ্ঠানে একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, ব্রিটিশ কাউন্সিলের প্রোগ্রাম ম্যানেজার আবদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

দ্য হাঙ্গার প্রজেক্টের প্রকল্প সমন্বয়ক শশাঙ্ক বরণ রায় বলেন, ব্রিটিশ কাউন্সিল ও হাঙ্গার প্রজেক্টের অংশীদারত্বে ২০২১ সাল থেকে লিডের কর্মসূচি পরিচালিত হচ্ছে। তরুণ-তরুণীর মাঝে আস্থা ও বোঝাপড়া সৃষ্টি ও ইয়ুথ লিডার হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত, সংগঠিত ও ক্ষমতায়িত করার প্রয়াস চালানো হচ্ছে।

সামিটে বিভিন্ন সামাজিক উদ্যোক্তাদের সফলতার কাহিনি উপস্থাপন, সফল উদ্যোগগুলোর স্বীকৃতি প্রদান, মুক্ত আলোচনা, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজন থাকে।