ঢাকা মেডিকেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দীর মৃত্যু
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে খান মো. তোরাব আলী (৭৩) নামে ওই কারাবন্দী মারা যান। তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দী ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানায়, অসুস্থ হয়ে পড়লে তোরাব আলীকে কারারক্ষী এরশাদসহ কয়েকজন কারারক্ষী হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক কারাবন্দী তোরাব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ থানার ১৯৯১ সালের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তোরাব আলী কারাগারে ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার চরহিজুলী গ্রামে।