খিলক্ষেতে গায়ে আগুন দিলেন গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন
প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেতে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ নিজের গায়ে আগুন দিয়েছেন। রোববার এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম আঞ্জুমান আরা বেগম (৩৫)।

দগ্ধ অবস্থায় আঞ্জুমান আরা বেগমকে রাত সাড়ে আটটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আঞ্জুমান আরার বোন মৌসুমী আক্তার বলেন, ঋণ ও পারিবারিক অশান্তির কারণে তাঁর বোন এ ঘটনা ঘটিয়েছেন।

আঞ্জুমান আরার ছেলে মো. ইয়াছিন বলে, ‘ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। যতটুকু জানতে পেরেছি, বিকেলে বাসায় নানা নানি এসেছিল। বাবাও বাসায় ছিল। তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছে। এক পর্যায় মা রাগ করে কক্ষের দরজা বন্ধ করে গায়ে আগুন দিয়েছে। পরে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।’

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন বলেন, আঞ্জুমান আরার অবস্থা আশঙ্কাজনক। তাঁর শ্বাসনালিসহ শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।