ডেমরায় বাড়ির সীমানাপ্রাচীর থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর ডেমরার কোনাপাড়ায় বাড়ির সীমানাপ্রাচীর থেকে পড়ে গিয়ে রায়সা আক্তার নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার কোনাপাড়ার আল আমিন সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
রায়সার মা রানু বেগম প্রথম আলোকে বলেন, তিনি বাসার কাজে ব্যস্ত ছিলেন। তখন রায়সা তাঁর ভাই রাফসানের সঙ্গে বাসার সামনে খেলতে যায়। কিছুক্ষণ পর রাফসান বাসায় এসে রায়সার কথা জানতে চায়। এরপর দেখেন রায়সার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
রানু বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘শুনেছি রায়সা দুই আড়াই ফুট উচ্চতার একটি দেয়াল বেয়ে ওঠার সময় নিচে পড়ে গেছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, বিকেল সোয়া পাঁচটার দিকে রায়সাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় শিশুটির বাবা রুবেল ইসলাম বাক্রুদ্ধ হয়ে পড়েন। মা রানু বেগমের দুই চোখ গড়িয়ে পানি পড়তে থাকে।
বাচ্চু মিয়া বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।