মিরপুর–১০ মেট্রোস্টেশনে উচ্ছেদ অভিযান ডিএমটিসিএলের

যাত্রীদের চলাচলের পথ নির্বিঘ্ন করতে রাজধানীর মিরপুর–১০ মেট্রো স্টেশনের নিচে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)ছবি: ডিএমটিসিএলের সৌজন্যে

যাত্রীদের চলাচলের পথ নির্বিঘ্ন করতে রাজধানীর মিরপুর–১০ মেট্রোস্টেশনের নিচে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তার প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত অবৈধ স্থাপনা ও দখল অপসারণ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমটিসিএলের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়। এতে ডিএমটিসিএলের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‍্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ অংশ নেয়।

অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক। অভিযান পরিচালনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রয়োজনীয় সহায়তা দেয়।

নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে স্টেশন এলাকায় যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই অবৈধ দখল অপসারণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে বলেও উল্লেখ করা হয় একই বিজ্ঞপ্তিতে।

এর আগে গতকাল বৃহস্পতিবার মেট্রোরেলের চারটি স্টেশনের নিচে উচ্ছেদ অভিযান চালায় ডিএমটিসিএল। এর মধ্যে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মোট চারটি স্টেশনে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।