পানিতে ডুবে শিশুমৃত্যু রোধ বিষয়ে সেরা প্রতিবেদনের জন্য ১৩ সাংবাদিক পুরস্কৃত
পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ বিষয়ে গভীরতাধর্মী সেরা সংবাদ প্রতিবেদনের জন্য ১৩ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে। আজ রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় গণমাধ্যম উন্নয়ন সংগঠন সমষ্টি এ পুরস্কার দেয়।
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আফরিন আপ্পি (দ্য বিজনেস পোস্ট), জিনিয়া কবির সূচনা (চ্যানেল ২৪), পার্থ শঙ্কর সাহা (প্রথম আলো), মাসুদ রানা (জাগো নিউজ), সোহাগী আকতার (সময় ট্রিবিউন), ঝর্ণা মনি (ভোরের কাগজ), কাউসার সোহেলী (মাছরাঙা টিভি), নীলিমা জাহান (ডেইলি স্টার), স্বপ্না চক্রবর্তী (জনকণ্ঠ), জাহিদুর রহমান (সমকাল), সজীব আহমেদ (কালের কণ্ঠ), আসিফ ইসলাম শাওন (দ্য বিজনেস পোস্ট) এবং আরেফীন তানজীব (চ্যানেল আই অনলাইন)।
মুদ্রণ সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন—এ তিন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া জেলা পর্যায়ে একজন সাংবাদিক পুরস্কার পেয়েছেন। অতিথিরা পুরস্কার বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধযোগ্য। এ নিয়ে বাংলাদেশ বৈশ্বিকভাবে নেতৃত্ব দিচ্ছে। পানিতে ডুবে শিশুমৃত্যুর মতো ভয়াবহ সমস্যা স্থায়িত্বশীল সমাধানের লক্ষ্যে গণমাধ্যম ও বেসরকারি সংগঠনসহ সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে সরকার আন্তরিক।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, গণমাধ্যমগুলো তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়গুলো তুলে ধরতে পারে। প্রিন্ট ও অনলাইন মিডিয়াগুলো পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধবিষয়ক গভীরতাধর্মী সংবাদ নিয়মিতভাবে প্রকাশ করতে পারে। আবার সম্প্রচারমাধ্যমগুলো এ–সংক্রান্ত ডকুমেন্টারি ও টিভিসি প্রচার করতে পারে। এতে একদিকে যেমন ব্যক্তিপর্যায়ে সচেতনতা বাড়বে, তেমনি সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী মহলের নজরে আসবে।
অনুষ্ঠানে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের যোগাযোগ বিশেষজ্ঞ সারওয়ার ই আলম বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এ বিষয়ে জনসচেতনতার এখনো অনেক অভাব আছে। তবে তথ্য জানলেই হলো না। মানুষের আচরণ পরিবর্তন হতে সময় লাগে।
আজকের অনুষ্ঠান সঞ্চালনা করেন সমষ্টির পরিচালক মীর মাসরুর জামান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক লিটন হায়দার, মাইনুল আলম, শুচি সৈয়দ প্রমুখ।