ঢাকার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস, বিভিন্ন স্থানে তাপপ্রবাহ
চলতি জুলাই মাস শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে। তবে মাসের শেষ দিকে বৃষ্টি কমেছে। সেই সঙ্গে বেড়েছে তাপ। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে আজ সোমবার মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, কিছু জায়গায় এই তাপপ্রবাহ কমতে পারে। এমন তাপের মধ্যে আবহাওয়া অধিদপ্তর সুখবর দিয়েছে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। এতে দু-এক দিন বৃষ্টি হতে পারে। পরে আবার তা কমবে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেখানে তাপপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, রংপুর, নেত্রকোনা, রাঙামাটি, কুমিল্লা, ফেনী, যশোর, কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ প্রথম আলোকে বলেন, আজ দুপুর ১২টার পর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এটা আরও বাড়তে পারে। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বেড়ে যাচ্ছে। তবে সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। কাল থেকে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ খুলনা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার ঢাকার তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় টাঙ্গাইলে, ৫৬ মিলিমিটার। রাজধানীতে মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়।