প্রধান সড়কে যানজট এড়াতে ফুটপাত দখলমুক্ত করবে ডিএনসিসি: প্রশাসক

রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খানছবি: প্রথম আলো

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান সড়কগুলোয় যানজট নিরসনের লক্ষ্যে ফুটপাত দখলমুক্ত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘অন্ততপক্ষে মূল সড়কগুলোয় যাতে যানজট না হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি।’

আজ রোববার বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বর হোপ মার্কেট থেকে মিরপুর ১ নম্বর কাঁচাবাজার পর্যন্ত ফুটপাতে অবৈধ স্থাপনা যাচাই এবং উচ্ছেদ উপযোগী স্থাপনা চিহ্নিতকরণ কার্যক্রমে অংশ নিয়ে ডিএনসিসির প্রশাসক এ কথা বলেন।

মিরপুর ১ ও ১০ নম্বর, উত্তরা, বাড্ডা, ভাটারাসহ ডিএনসিসির বিভিন্ন এলাকার ফুটপাতে নিম্ন আয়ের মানুষ ব্যবসা করেন উল্লেখ করে ডিএনসিসির প্রশাসক বলেন, ফুটপাতে পথচারীদের যাতায়াত সহজ করার পাশাপাশি গরিব ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করে দিতে হবে।

পরিদর্শনের কারণ সম্পর্কে শফিকুল ইসলাম খান বলেন, জনগণের চলাচলের সুবিধার পাশাপাশি মানবিক কারণে গরিব ব্যবসায়ীদের যাতে অন্যত্র ব্যবসার সুযোগ করে দেওয়া যায়, সে উদ্দেশ্যেই আজকের এ পরিদর্শন।

ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ দিতে হবে উল্লেখ করে ডিএনসিসির প্রশাসক আরও বলেন, ‘যেসব ব্যবসায়ী ভাই আছেন, আজ মানবিক কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ও বার্তা আমি তাঁদের কাছে পৌঁছে দিতে এসেছি।’

ডিএনসিসির পরিকল্পনার কথা জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাতের ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করবেন, তবে জনগণকে সুবিধাবঞ্চিত করে নয়। তাই ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা করে এবং তাঁদের পরামর্শ নিয়েই নির্দিষ্ট বা ভিন্ন কোনো জায়গায় স্থানান্তরের ব্যবস্থা করবে ডিএনসিসি।

পরিদর্শনের সময় ডিএনসিসি প্রশাসক ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের মতামত জানতে চান।