গাবতলী থেকে অনেকটা স্বস্তিতেই ঢাকা ছাড়ছে ঈদে ঘরমুখী মানুষ
রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে ঈদে ঘরমুখী মানুষের চাপ কিছুটা বেড়েছে। বাড়তি ছুটি ও যানজট না থাকায় যথাসময়ে বাস ছেড়ে যাচ্ছে। অনেকটাই স্বস্তিতে ঢাকা ছাড়তে পারছে যাত্রীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গাবতলী বাস টার্মিনালে এ চিত্র দেখা যায়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এবার ঈদের আগে লম্বা ছুটি পেয়েছেন অনেকেই। গত মঙ্গলবার অফিস করে ওই দিন বিকেল থেকেই ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষেরা।
দক্ষিণাঞ্চলের অনেক যাত্রীই গাবতলী না এসে এবার পদ্মা সেতু হয়ে যাচ্ছে। আবার রাস্তায় শৃঙ্খলা রয়েছে, যানজটও নেই, এর ফলে সব গাড়িই যথাসময়ে আসা-যাওয়া করতে পারছে। বাড়তি ছুটি ও যানজট না থাকায় প্রতিবছর যাত্রীদের ঈদ সামনে রেখে যে বাড়তি ভাড়া গুনতে হয়, এবার সে সংকট অতটা প্রকট নয়। ন্যায্য ভাড়া ও হুড়োহুড়ি কম থাকায় এবার অনেকটা স্বস্তিতেই ঢাকা ছাড়ছে ঘরমুখী মানুষ।
তবে এখনো পোশাকশ্রমিকেরা ঢাকা ছাড়া শুরু করেননি। আজ বিকেল থেকে তাঁরা ঢাকা ছাড়া শুরু করতে পারেন। এর ফলে আজ বিকেল ও আগামীকাল শুক্রবার সকালে যাত্রীর চাপ কিছুটা বাড়তে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ঢাকা থেকে গোপালগঞ্জে চলাচল করা কোটালিপাড়া স্টার এক্সপ্রেস পরিবহনের আগামীকাল পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে। শনিবারের কিছু টিকিট আছে।
এই পরিবহনের গাবতলী কাউন্টারের ম্যানেজার মো. হৃদয় বলেন, ‘গতকাল বুধবার থেকে আমাদের বাস সব সিট পূর্ণ করে যাচ্ছে। আমরা বাড়তি ভাড়া নিচ্ছি না। টিকিট বিক্রি করা আছে, যাত্রীরা আসছেন, বাস যথাসময়ে নিয়ে চলে যাচ্ছে।’
আগে টিকিট কাটেননি যশোরগামী যাত্রী মো. জসিম উদ্দিন। তবে দ্রুতি পরিবহনের একটি বাসের টিকিট পেয়েছেন তিনি। এই বেসরকারি চাকরিজীবী বলেন, তিনি ৭০০ টাকায় যশোরে যাচ্ছেন। ঈদের আগে ৬৫০ টাকায় যেতে পারতেন। অবশ্য সরকারি ভাড়ার তালিকা অনুযায়ী ঢাকা থেকে যশোরের ভাড়া ৭১৪ টাকা।
ঢাকা থেকে যশোর, খুলনা, সাতক্ষীরা রুটে চলাচলকারী শুভ বসুন্ধরা পরিবহনের কাউন্টারমাস্টার মো. মজনু খান বলেন, ঢাকা থেকে দক্ষিণ–পশ্চিমাঞ্চলে চলাচল করা অনেক বাসই সরকারনির্ধারিত ভাড়া নেয় না। ঈদ ছাড়া অন্য সময় যাওয়া ও আসা—উভয় সময়ই যাত্রী থাকে। তাই পরিবহনগুলো কম ভাড়ায় যাত্রী নিয়ে পোষাতে পারে।
কিন্তু ঈদের আগে ঢাকায় আসার সময় যাত্রী পাওয়া যায় না। তাই সরকারনির্ধারিত ভাড়াই নেওয়া হয়। এর ফলে অনেক যাত্রী মনে করেন, তাঁদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, যা সঠিক নয়।
বিভিন্ন কাউন্টার থেকে বলা হয়, এখন যে ভিড় দেখা যাচ্ছে, এর একটা অংশ বাস কাউন্টারের লোকজন। তা ছাড়া যানজট না থাকায় যাত্রীদের কাউন্টারের সামনে দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে না। বিকেল নাগাদ পোশাকশ্রমিকেরা আসতে পারেন। তখন যাত্রীর চাপ কিছুটা বাড়তে পারে।