মুগদায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মুগদা এলাকায় নিজ বাসা থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন মুগদা থানার উপপরিদর্শক (এসআই) নগেন্দ্র কুমার দাস। তিনি বলেন, ওই কিশোরী এবার মুগদার স্থানীয় একটি বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করেছে।
ওই কিশোরীর বাবার সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুরের দিকে ওই কিশোরীর বাসার কক্ষ ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের পর ওই কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে জানান পুলিশ কর্মকর্তা নগেন্দ্র কুমার। তিনি বলেন, রহস্যজনক এ মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।