চাঁদা না পেয়ে ঢাকা কলেজের হলে আটকে রেখে নির্যাতন, মামলা
চাঁদা না পেয়ে বেসরকারি প্রতিষ্ঠানের দুজন কর্মীকে আবাসিক হলে ডেকে এনে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা কলেজ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শুক্রবার মামলা হলে দুজনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার রাতে ঢাকা কলেজের নর্থ হলে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দুজন সিগমাইন্ড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদী হাসান (২৯) ও কর্মচারী মো. তৌকির (২৩)।
নির্যাতনের শিকার ব্যক্তিরা অভিযোগ করেছেন, চাঁদার দাবিতে হলে আটকে রেখে নির্যাতন এবং মারধর করার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের কাছ থেকে অর্ধলক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছেন।
এ ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানায় মামলা করেছেন মেহেদী হাসান। তিনি মামলা করার পর পুলিশ ছাত্রলীগের দুই নেতা জনি হাসান ও এস এম শফিককে গ্রেপ্তার করে। জনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক এবং শফিক ক্রীড়াবিষয়ক উপসম্পাদক ছিলেন।
মেহেদী হাসানের অভিযোগ, জনি ও শফিকের নেতৃত্বে ছাত্রলীগের কর্মী গোলাপ হোসেন, মেহেরাব হোসেন, অর্ণব, রমজান,গোপাল, রাব্বী তালুকদার, বেল্লাল হোসেন, তারিফ, সালমান, রায়হান, মাসুম, ফাহিম, শাহিনসহ অজ্ঞাতনামা ১০-১২ জন তাঁদের মারধর করেন ও পরে টাকা ছিনিয়ে নেন।
মামলার এজাহারে মেহেদী হাসান বলেন, সিগমাইন্ড কোম্পানির মাধ্যমে মার্কেট ও বিভিন্ন স্থানে ক্যামেরা স্থাপনের কাজ করেন তিনি। আসামিরা তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। হুমকিও দেন, ‘আমাদের চাঁদা না দিয়ে ক্যামেরা স্থাপন করলে তোমাদের সব ক্যামেরা খুলে নেওয়া হবে।’ আসামিরা ২৫ মে সন্ধ্যায় মোহাম্মদপুরের বছিলা সেতুসংলগ্ন পাকা রাস্তা থেকে প্রতিষ্ঠানটির দুটি সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে আসেন। এরপর দুজন মুঠোফোনে কল করে ঢাকা কলেজের ছাত্র পরিচয় দিয়ে বলেন, ‘ক্যামেরাগুলো যদি ফেরত পেতে চাও, তাহলে কলেজে এসে নিয়ে যাও।’ এরপর তৌকিরকে ঢাকা কলেজে পাঠান মেহেদী। তৌকির যাওয়ার পর তাঁকে কলেজের একটি হলে আটক করে মারধর করা হয়। এরপর তাঁর মুঠোফোন থেকে কল করে মেহেদীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা নিয়ে না গেলে তৌকিরকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
মামলার এজাহার অনুযায়ী, রাত সাড়ে ১০টার দিকে নর্থ হলে গিয়ে মেহেদী দেখেন, কয়েকজন তৌকিরকে মারধর করছেন। মেহেদী যাওয়ার পর তাঁকেও একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়। মারধরের পর তৌকিরের থেকে ২০ হাজার টাকা কেড়ে নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তৌকিরকে ছেড়ে দেওয়া হলেও মেহেদী হাসানকে হত্যার হুমকি দিয়ে তাঁর কাছ থেকে ৩৫ হাজার টাকা, পাসওয়ার্ডসহ দুটি এটিএম কার্ডও ছিনিয়ে নেন আসামিরা। মারধরে অচেতন হয়ে পড়েন মেহেদী। পরদিন দুপুরের দিকে তাঁকে রাস্তায় ফেলে রেখে যান জনি, শফিকসহ তিনজন।
মামলার বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি বলেন, দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
বিষয়টি নিয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি দেখছে। এ ক্ষেত্রে তাঁরা কোনো সহযোগিতা চাইলে আমরা সেটা করব।’
অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তিদের ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তিনি প্রথম আলোকে বলেন, যদি অভিযোগ সত্য হয়, তাহলে তাঁদের ছাত্রলীগ করার সুযোগ নেই।