সত্য জানাতে সাংবাদিকদের ঝুঁকি নিতে হবে: ড. কামাল হোসেন
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘আমরা দেশবরেণ্য সাংবাদিকদের দেখেছি, তাঁরা ঝুঁকি নিয়ে লিখেছেন। সংবাদ প্রকাশের ক্ষেত্রে যে নৈতিকতা দেখিয়েছেন, সেই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে হবে। মানুষদের সত্য কথা জানাতে হবে। এর জন্য ঝুঁকি নিতে হবে।’
আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক আতাউস সামাদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় কামাল হোসেন এসব কথা বলেন। সভাটি আয়োজন করে আতাউস সামাদ স্মৃতি পরিষদ।
সভায় কামাল হোসেন বলেন, ঝুঁকি না নিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হবে না। জনগণের মধ্যে গণতন্ত্রবোধ ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র যে কোনো মূল্য ছাড়া আসে না, এ কথা মানুষকে স্মরণ করিয়ে দিতে হবে। আবার কিছু না করেও গণতন্ত্র ভোগ করতে পারা যায় না।
স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ও আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান বলেন, বাংলাদেশে যখন সাংবাদিকতার বন্ধ্যা অবস্থায়, সে সময় মানুষের প্রধান আগ্রহের জায়গা ছিল আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। এর মূল আকর্ষণ ছিলেন আতাউস সামাদ। তাঁর কাজের ধরন ছিল সরেজমিন ও বারবার বাছাই করে সংবাদ প্রচার। রাজনৈতিক ব্যক্তিদের সংলাপে আনায় তিনি ভূমিকা রেখেছেন।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, আতাউস সামাদ ছিলেন আবেগপ্রবণ। তবে সংবাদ প্রকাশে তা দেখা যেত না। দুটোকে আলাদা করে রাখতেন তিনি। সংবাদকর্মীদের মধ্যে কখনো বিভাজন করে দেখতেন না। সাংবাদিকতাকে মাপকাঠিতে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। তাঁর মতো সাংবাদিকের প্রতিবেদনগুলো সাংবাদিকতার পাঠ্য হতে পারে। তিনি আপাদমস্তক একজন সাংবাদিক ছিলেন।
সভায় একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক আতাউস সামাদের লেখা গ্রন্থ ‘একালের বয়ান’–এর কিছু অংশ পড়ে শোনানো হয়।
আতাউস সামাদ স্মৃতি পরিষদের আহ্বায়ক ও জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজ স্মরণসভাটি সঞ্চালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বক্স, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের মহাসচিব রুহুল আমিন, সভাপতি এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক শামীমা চৌধুরী প্রমুখ।