ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেঙ্গু
ফাইল ছবি: বাসস

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম ১২ দিনে এডিস মশাবাহিত রোগে মারা গেলেন ১৪৬ জন। আর চলতি বছর দেশে ডেঙ্গুতে ১ হাজার ১৩৫ জনের মৃত্যু হলো।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় ৬ জন এবং ঢাকার বাইরে ৭ জন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ২ হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৫৩১ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯০ হাজার ৫৩০ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৪৩ হাজার ১ জন।

দেশে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় ২০০০ সালে। তখন ডেঙ্গু চিকিৎসা ও ব্যবস্থাপনা অনেকের কাছে নতুন ছিল। ওই বছর ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু হয়।

এরপর প্রতিবছর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কোনো কোনো বছর মৃত্যু হয়েছে। তবে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হলেও মৃত্যুর কোনো তথ্য নেই।

করোনা মহামারির আগের বছর, অর্থাৎ ২০১৯ সালে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ওই বছর ডেঙ্গুতে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত হয়েছিলেন, মারা যান ১৭৯ জন। আইইডিসিআরের তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন।

আরও পড়ুন