ফিজিক্স অলিম্পিয়াডের ঢাকা আঞ্চলিক পর্ব শেষ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিজিক্স অলিম্পিয়াডের আঞ্চলিক উৎসবে বিজয়ীদের সঙ্গে অতিথিরা। শনিবার রাজধানীর ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের ঢাকা আঞ্চলিক পর্ব
ছবি: খালেদ সরকার

ঘড়ির কাঁটা সকাল আটটা ছুঁই ছুঁই। ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণে মুখর। সবাই ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের ঢাকা আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করবে। ইতিমধ্যে নিজেদের যোগ্যতা প্রমাণ করে এখানে এসেছে শিক্ষার্থীরা। বাছাইপর্বে নির্বাচিত হয়েছে উপস্থিত প্রত্যেকে। আজকের ধাপটা পার হতে পারলেই ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্বের দরজা খুলে যাবে।

নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা নিবন্ধন সম্পন্ন করে। সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত চলে এ নিবন্ধন। এরপর শিক্ষার্থীরা জড়ো হয় ক্যাম্পাসে। মঞ্চে উপস্থিত অতিথিরা। সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা। সবাই অধীর অপেক্ষায়। বেজে উঠল জাতীয় সংগীত। ঢাকা পর্বের মধ্য দিয়ে পর্দা উঠল ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের আঞ্চলিক উৎসবের।

উদ্বোধনী পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সহ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের ডিন মাহাদী হাসান; ফিজিক্স অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ; বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দলের কোচ ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক আরশাদ মোমেন; ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের প্রধান ও ঢাকা আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল। উপস্থাপনায় ছিলেন ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ফরহাদ আলম।

ঢাকা আঞ্চলিক উৎসবের উদ্বোধনী পর্বের অতিথিরা
ছবি: খালেদ সরকার

উদ্বোধনী পর্বে আহমাদ মোস্তফা কামাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রকৃতি কীভাবে কাজ করে, তা ব্যাখ্যা করতে পারে ফিজিক্স। তোমাদের এই আনন্দটুকু বুঝতে হবে। বড় হয়ে তোমরা যা-ই হও, তোমরা এর আনন্দটুকু অনুভব করতে পারবে, আমি সেই প্রত্যাশা করি।’

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ বলেন, অলিম্পিয়াডের সমস্যা সমাধান করলে মস্তিষ্ক সমস্যা সমাধানে পারদর্শী হয়ে ওঠে।

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দলের কোচ ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক আরশাদ মোমেন বলেন, ‘ফিজিক্স অলিম্পিয়াডের প্রশ্নের মতো জীবনের সমস্যাগুলোও সহজ নয়। এই যে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, এই সমস্যাগুলোও কিন্তু সমাধানের ভার তোমাদের কাঁধে। তোমরা দেশকে ভালোবাসবে। দেশের মানুষের কাজে লাগবে, উপকার হবে, এ রকম সমস্যাগুলোর সমাধান করবে, এটাই আমাদের আশা।’

অনুষ্ঠানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ে কথা বলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের ডিন মাহাদী হাসান। তিনি বলেন, ‘ইদানীং এআই নিয়ে বেশ আলোচনাও হচ্ছে। কিন্তু এআই আমাদের সব কিছু করে দেবে না। এআইয়ের পেছনের কাজটা কিন্তু মানুষই করছে। এগুলোও পদার্থবিজ্ঞানের নিয়ম মেনেই চলে। তাই আমাদের সবার পদার্থবিজ্ঞান শিখতে হবে। জানতে হবে কম্পিউটারবিজ্ঞান সম্পর্কে।’

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সহ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘পদার্থবিজ্ঞানের বলয় থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এটা জীবনের একটা অংশ। মহাবিশ্বের সবকিছুই তো পদার্থ দিয়ে তৈরি। তাই আমাদের পদার্থবিজ্ঞান নিয়েই চলতে হবে। যতটুকু সম্ভব এটাকে বোঝার চেষ্টা করা আমাদের উচিত।’

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে পরীক্ষা। বেলা দেড়টা থেকে তিনটা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রশ্নোত্তর পর্ব চলে ৩টা থেকে ৩টা ৪০ পর্যন্ত। বিকেল চারটায় পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় এ আয়োজন।

পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জড়ো হয় অডিটরিয়ামে। অনুষ্ঠানের শুরু হয় গানের মাধ্যমে। এরপর মঞ্চে আসেন জাদুশিল্পী স্বপন দিনার। জাদু দেখিয়ে মঞ্চ মাতিয়ে রাখেন তিনি। কখনো লাঠি পরিণত হচ্ছে গোলাপে, কখনোবা জাদু করে পানিকে পরিণত করছেন বরফে। খোদ জাদুর টেবিলটিও উড়ে যেতে চায় জাদুকরের কারসাজিতে। দর্শকসারি থেকে কয়েকজনকে ডেকে নিয়ে জাদু শিখিয়ে দেন স্বপন দিনার।

জাদু পর্বের শেষে মঞ্চে আসেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের জ্যোতিঃপদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক খান মোহাম্মদ বিন আসাদ। তিনি দেখান, কীভাবে গবেষণা করতে হয়। পাশাপাশি জোতিঃপদার্থবিজ্ঞানের নানা দিক নিয়ে আলোচনা করেন।

ফিজিক্স অলিম্পিয়াড উপলক্ষে শনিবার সকাল থেকেই ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসে শিক্ষার্থীরা উপস্থিত হতে শুরু করে
ছবি: খালেদ সরকার

এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দলের কোচ ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক আরশাদ মোমেন। ‘প্যারালাল ইউনিভার্স কি বাস্তবে আছে?’ ‘স্ট্রিং থিওরি ও কোয়ান্টাম থিওরির মধ্যে কি কোনো মিল আছে?’ ‘শাপলা পানিতে ভাসলেও পানি না থাকলে কেন শাপলা দাঁড়িয়ে থাকে না? এখানে কি মাধ্যাকর্ষণ কাজ করছে না?’ খুব সুন্দরভাবে এসব প্রশ্নের জবাব দেন আরশাদ মোমেন।

বিকেল চারটায় শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য তানভীর হাসান, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দলের কোচ ও ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের বিভাগীয় প্রধান ও ঢাকা আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ এবং ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম।

চারটি ক্যাটাগরিতে মোট ২৪৪ জনকে বাছাই করা হয়েছে। এর আগে দুপুরে মোট ৭০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এ ক্যাটাগরিতে ৪৭ জন, বি ক্যাটাগরিতে ৫৭ জন, সি ক্যাটাগরিতে ৮৪ জন ও ডি ক্যাটাগরিতে ৫৬ জনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে দেওয়া হয় মেডেল, সনদ ও টি-শার্ট।

দেশের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানে দক্ষ করে তুলতে ২০১১ সাল থেকেই ফিজিক্স অলিম্পিয়াড আয়োজন করা হয়। এ অলিম্পিয়াডের আয়োজন করছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে ডাচ্-বাংলা ব্যাংক। ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো। এ ছাড়া ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে কিশোর আলো ও বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা। টেকনিক্যাল পার্টনার হিসেবে আছে বিডিকম।

লেখক: সম্পাদনা দলের সদস্য, বিজ্ঞানচিন্তা