ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু, অক্টোবরে মারা গেলেন ৩৫৯
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে সারা দেশে এডিস মশাবাহিত এই রোগে প্রাণ হারালেন ৩৫৯ জন। আর চলতি বছর মারা গেছেন ১ হাজার ৩৪৮ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮৭ জন। এ সময় ডেঙ্গুতে মারা যাওয়া একজন ঢাকার ও ছয়জন ঢাকার বাইরের বাসিন্দা।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩৯৬ জনের মৃত্যু হয়েছে গত মাসে। আর অক্টোবরে মৃত্যু হলো ৩৫৯ জনের। এর আগে আগস্টেও এডিস মশাবাহিত এই রোগে তিন শতাধিক মানুষের প্রাণহানি হয়েছিল। ওই মাসে ৩৪২ জন মারা যান। জুলাই মাসে সারা দেশে ২০৪ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। মার্চ মাস ছাড়া সব মাসেই ডেঙ্গুতে মানুষের মৃত্যু হয়েছে।
চলতি বছর ডেঙ্গু নিয়ে ২ লাখ ৭১ হাজার ১৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৯ হাজার ১৬৯ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৭২ হাজার ৬ জন।
দেশে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় ২০০০ সালে। তখন ডেঙ্গুর চিকিৎসা ও ব্যবস্থাপনা অনেকের কাছে নতুন ছিল। ওই বছর ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু হয়। করোনা মহামারির আগের বছর, অর্থাৎ ২০১৯ সালে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ওই বছর ডেঙ্গুতে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। আইইডিসিআরের তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন। এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।