বাহাদুর শাহ পার্কে খাবারের দোকানের ইজারা নবায়ন না করার আহ্বান

পার্কে দোকান বসানোর প্রতিবাদে আন্দোলন করে আসছে ‘ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ’।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহাদুর শাহ পার্কের ভেতরে তৈরি করা হয়েছে স্থায়ী অবকাঠামো
ছবি: প্রথম আলো

রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে বসানো খাবারের দোকানের ইজারা নবায়ন না করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবহারকারী ও স্থানীয় লোকজন। তাঁদের ভাষ্য, এ দোকানের কারণে পার্কের পরিবেশ ও জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। পাখিদের আনাগোনাও কমে গেছে।

পার্কে দোকান বসানোর প্রতিবাদে আন্দোলন করে আসছে ‘ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ’। পরিষদের নেতারা বিষয়টি নিয়ে ১৬ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি মেয়রের কাছে চিঠি দিয়েছেন। আজ রোববার মেয়রের সঙ্গে তাঁদের দেখা করার পরিকল্পনা রয়েছে।

বাহাদুর শাহ পার্কের আয়তন ৮৫ দশমিক ৩ কাঠা। এই পার্কের পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজসহ অন্তত ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই পার্ক ব্যবহার করেন।

‘ইজারা নবায়ন না করার দাবির বিষয়টি এখনো আমার নজরে আসেনি। বিষয়টি সামনে এলে আমরা সকল পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’
মিজানুর রহমান, ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা

বাহাদুর শাহ পার্কে খাবারের দোকান চালু করায় এক বছরে ইজারাদারের কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটির আয় হয়েছে ৩ লাখ ৬১ হাজার টাকা। ইজারা নিয়েছে ডিএআর হোল্ডিং লিমিটেড নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।

ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বলেন, গত বছরে আগস্টে এই ইজারা দেওয়া হলেও প্রতিবাদের মুখে অক্টোবরে দোকানটি খোলে। শুরুতে সংস্থাটির কর্মকর্তারা বলেছিলেন, ‘ফুড ভ্যান’ বা খাবারের দোকান বসানোর ক্ষেত্রে এটি এমনভাবে করা হবে, যেন যেকোনো সময় স্থানান্তর করা যায়। কিন্তু ইজারাদার শর্ত না মেনে পার্কের ভেতরে স্থায়ী অবকাঠামো তৈরি করেন।

এ বিষয়ে জানতে ইজারাদার প্রতিষ্ঠানের মালিক মো. রাজিবের ফোনে কল করা হলে ফারুক নামের একজন ফোন ধরে তিনি নেই বলে জানান। তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।

গতকাল শনিবার বিকেলে সরেজমিন দেখা যায়, খাবারের দোকানে ঠিক পাশেই উন্মুক্ত স্থানে তিনটি দলে ভাগ হয়ে স্থানীয় ছেলেমেয়েরা ক্রিকেট ও ফুটবল খেলছে। পাশেই চলছে খাবারের দোকানের কেনাবেচা।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, দুটি মৌলিক বিষয়—সরকারি জায়গা বাণিজ্যিক ব্যবহারে ব্যক্তি খাতে দেওয়া যাবে না আর যে পরিমাণ জমিতে কংক্রিট করা যায়, তার চেয়ে বেশি পরিমাণ জমিতে কংক্রিট করা হয়েছে। এ দুটি কারণেই এই ইজারা আইনে বাতিলযোগ্য। সিটি করপোরেশনকে এই ইজারা বাতিল করতে হবে।

খাবার দোকানের কারণে পুরো পার্কের চিত্র বদলে গেছে। আগে যেখানে এলাকার মানুষ ব্যায়াম করার সুযোগ পেতেন, সেখানে দোকানের কাঠামো তৈরি হয়েছে। পার্কের মোট ফাঁকা জায়গার বড় একটি অংশই খাবারের দোকানটির দখলে।

জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ইজারা নবায়ন না করার দাবির বিষয়টি এখনো আমার নজরে আসেনি। বিষয়টি সামনে এলে আমরা সকল পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’