আগের দিন ৫০০ টাকা অগ্রিম, পরদিন জুস খাইয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁওয়ের বাড়ির মালিক হাসিনা বেগমকে বাসাভাড়া নেওয়ার কথা বলে অগ্রিম ৫০০ টাকা দেন এক নারী। পরদিন ওই নারী জুস ও ফল নিয়ে এসে হাসিনার সঙ্গে ভাব গড়ে তোলেন। সেই জুস খেয়ে অচেতন হয়ে পড়েন হাসিনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আজমিন নাহার হাসিনার মৃত্যুর তথ্য নিশ্চিত করে প্রথম আলোকে এসব কথা জানান।

এসআই আজমিন প্রথম আলোকে বলেন, হাসিনা (৫০) দক্ষিণগাঁও ২ নম্বর সড়কের পাশে একটি বাড়ির মালিক। তাঁর স্বামী মো. ইউসুফ আলী। গত সোমবার এক নারীসহ তিন ব্যক্তি হাসিনার এক কক্ষের বাসা ভাড়া নিতে আসেন। একপর্যায়ে তাঁরা হাসিনাকে বাসাভাড়ার জন্য ৫০০ টাকা অগ্রিম দেন। পরদিন ওই নারী কিছু ফল ও জুস নিয়ে এসে হাসিনার সঙ্গে ভাব গড়ে তোলেন। এ সময় হাসিনা ছাড়া তাঁর বাসায় অন্য কেউ ছিলেন না। একপর্যায়ে ওই নারী সেই জুস খাইয়ে দেন হাসিনাকে। পরে তাঁর পরিবারের সদস্যরা বাসায় ফিরে হাসিনাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তিনি মারা যান।

এসআই আজমিন আরও বলেন, হাসিনাকে অচেতন করে প্রতারকেরা বাসা থেকে টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। তবে বাস থেকে কী কী খোয়া গেছে সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছুই জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে আজ দুপুরে হাসিনা বেগমের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। সেখানে ছিলেন হাসিনার মেয়ে রোকাইয়া আক্তার। তাঁর মায়ের মৃত্যুর বিষয়ে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান আজ সন্ধ্যায় এ ব্যাপারে জানতে চাইলে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে হত্যা মামলা হবে। পরিবার অভিযোগ নিয়ে এলে মামলা গ্রহণ করা হবে।