রাজউকের মুছে যাওয়া নথি থেকে ২৬ হাজার ৭৭৭টি পুনরুদ্ধার

যেসব গ্রাহকের নথি হারিয়েছে, তাঁরা ২০১৯ সালের মে থেকে চলতি বছরের ৬ ডিসেম্বরের মধ্যে ভবন নির্মাণের অনুমোদন পেতে আবেদন করেছিলেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজউক ভবন
ছবি: ফাইল ছবি

ডেটা সেন্টার থেকে ভবন নির্মাণের জন্য নকশা অনুমোদনসংক্রান্ত মুছে যাওয়া ২৬ হাজার ৭৭৭ নথি পুনরুদ্ধার করা হয়েছে বলে আদালতকে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার এই তথ্য তুলে ধরেন রাজউকের আইনজীবী।

এদিকে নথি গায়েবের অভিযোগ বিষয়ে অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) তিন সদস্যের কমিটি গঠন করেছে বলে আদালতকে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী। শুনানি নিয়ে হাইকোর্ট আজ দেওয়া আদেশ পাওয়ার ৬০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে দুদককে নির্দেশ দিয়েছেন।

‘রাজউক থেকে ৩০ হাজার গ্রাহকের নথি গায়েব’ শিরোনামে গত বছরের ২৯ ডিসেম্বর প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি নজরে আনার পর ২ জানুয়ারি হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। নথি গায়েবের অভিযোগ বিষয়ে রাজউক চেয়ারম্যানকে তদন্ত করে এবং দুদককে অনুসন্ধান করে চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি আদালতে ওঠে।

আদালতে রাজউকের পক্ষে শুনানি করেন আইনজীবী ইমাম হাছান। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।

আরও পড়ুন

তদন্ত প্রতিবেদন তুলে ধরে শুনানিতে আইনজীবী ইমাম হাছান বলেন, ভবন নির্মাণের জন্য নকশা অনুমোদনসংক্রান্ত ২৬ হাজার ৭৭৭টি নথি ডেটা সেন্টারে সংরক্ষিত ছিল। মুছে যাওয়া নথি পুনরুদ্ধার করা হয়েছে।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান শুনানিতে বলেন, অনুসন্ধানের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দুদকের পক্ষ থেকে রাজউকের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। শুনানি নিয়ে আদালত আগামী ৯ জুলাই পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন।

রাজউকের দাখিল করা তদন্ত প্রতিবেদনের শেষাংশে বলা হয়, গত ৬ ডিসেম্বর ‘ম্যালিসিয়াস অ্যাকসেস (Malicious Access) দ্বারা আক্রান্ত হয়ে রাজউকের কনস্ট্রাকশন পারমিট (সিপি)’ শীর্ষক সফটওয়্যারের মাধ্যমে বিডিসিসিএলের ডেটা সেন্টারে সংরক্ষিত ২৬ হাজার ৭৭৭টি অনুমোদিত বা প্রক্রিয়াধীন প্ল্যানের নথি মুছে যায়। সিপি সিস্টেমটি বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে গত ২১ ডিসেম্বর সিস্টেমটি পুনরায় চালু করা হয়। এ বিষয়ে গত ২২ ডিসেম্বর রাজউক মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। অনাকাঙ্ক্ষিত ঘটনার কারিগরি তদন্ত ও করণীয় বিষয়ে পরামর্শ সেবা দিতে চলতি বছরের ২৬ জানুয়ারি বিটিআরসি ও বুয়েটের সঙ্গে চুক্তি করে রাজউক।…

বুয়েটের তদন্ত দল ২৯ এপ্রিল অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দেয়। শিগগিরই বুয়েটের তদন্ত টিম চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে। মুছে যাওয়া সব ফাইল পরামর্শক প্রতিষ্ঠান টেকনোহেভেন কোম্পানি লিমিটেড কর্তৃক পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।