ভাস্কর্য ও চিত্রকর্মের প্রদর্শনী ‘নারীর গৌরব’
মাতৃত্ব, প্রেম ও প্রকৃতি নিয়ে আঁকা ছবি আর ভাস্কর্যের প্রদর্শনী চলছে রাজধানীর বাড্ডায় অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসে। গত ২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রদর্শনীর নাম ‘নারীর গৌরব’।
প্রদর্শনীতে ভাস্কর্য আছে ৪০টি, জলরঙে আঁকা চিত্রকর্ম ২২টি। এসব ভাস্কর্য ও চিত্রকর্ম তরুণ ভাস্কর ও চিত্রশিল্পী সিগমা হকের তৈরি।
একটি ভাস্কর্যে দেখা যায়, কয়েকজন নারী গল্প করছেন। আছে ঘুড়ি ওড়ানো ও পাখি নিয়ে শিশুদের খেলা করার ভাস্কর্যও।
সিগমা হক জানান, প্রদর্শনীতে ভাস্কর্য ও চিত্রকর্ম মিলিয়ে ৬২টি কাজ তাঁর ১০ বছরের সাধনার ফল। তরুণ এই ভাস্কর অবশ্য জানালেন, ভাস্কর্যগুলোয় তিনি মুক্তিযুদ্ধের বাংলাদেশকে দেখাতে চেয়েছেন।
গ্যালারির কিউরেটর সুলতান এম মাইনুদ্দিন বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় সিগমার কাজের প্রশংসা করেছেন ভাস্কর হামিদুজ্জামান ও শিল্পী জামাল আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন হার স্টোরি ফাউন্ডেশনের স্বত্বাধিকারী জেরিন মাহমুদ হোসাইন ও অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসের স্বত্বাধিকারী নিলু রওশন মোর্শেদ।
এর আগে ২০১২ সালে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় সিগমার চিত্রকর্ম ও ভাস্কর্যের প্রদর্শনী হয়। ২০২২ সালে দুবাইয়ে এক প্রদর্শনীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।
প্রদর্শনী নিয়ে সিগমা হক বলছিলেন, ভাস্কর নভেরা আহমেদ ও শামীম শিকদারের কাজ ও চেতনার পথ ধরে তরুণদের মধ্যে নারীদের একটা অংশ এখন ভাস্কর্য নির্মাণে অনেক মনোযোগী। মানুষ বেশি বেশি প্রদর্শনীতে এলেই ভাস্কর্য শিল্পের শক্ত ভিত তৈরি হবে দেশে। একই কথা প্রযোজ্য চিত্রশিল্পের ক্ষেত্রেও।
‘নারীর গৌরব’ প্রদর্শনী চলবে ১০ মার্চ পর্যন্ত।