সিদ্দিকবাজারের ভবনটি স্টেবল করার কাজ শুরু হচ্ছে: রাজউক

সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ঘিরে রাখা হয়েছেছবি: শুভ্র কান্তি দাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সাততলা ভবনটি স্টেবল (দাঁড় করিয়ে রাখা) করার কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (উন্নয়ন) মেজর (অব.) শামসুদ্দিন আহমেদ চৌধুরী।

ভবনটি যাতে পড়ে না যায় আগে সে কাজটি করার ওপর জোর দেন রাজউকের এই কর্মকর্তা। আগামীকাল শুক্রবারের মধ্যে এই কাজ করা সম্ভব হবে বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন শামসুদ্দিন আহমেদ। তিনি ক্ষতিগ্রস্ত ভবনের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজউকের গঠিত কারিগরি কমিটির আহ্বায়ক।

আরও পড়ুন

শামসুদ্দিন আহমেদ বলেন, বিস্ফোরণে কলামগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবনের ভার নিতে পারছে না। তাই কলামগুলোকে আলাদা করে ভবনের ভার নেওয়ার উপযোগী করতে হবে। ভবনটি দাঁড় করানোর উপযোগী অর্থাৎ ‘স্টেবল’ করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। পরে বোঝা যাবে ভবনটি ভেঙে ফেলতে হবে নাকি ব্যবহার উপযোগী করা যাবে।

ভবনটি যাতে পড়ে না যায় সে ব্যবস্থা করার পর সামনের সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান রাজউকের এই কর্মকর্তা।

গত মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের সাততলা ও পাঁচতলা দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। কুইন মার্কেটের সাততলা ভবনটির বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। এ ঘটনায় ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ভবনের ভেতরে আর কোনো ভিকটিম নেই বলেছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন