সাইবার বুলিং ও বাল্যবিবাহ রোধে পুলিশের নারী সদস্যরা কৃতিত্ব দেখিয়েছেন: শিক্ষামন্ত্রী
পুলিশের নারী সদস্যরা পারিবারিক সহিংসতা, সাইবার বুলিং ও বাল্যবিবাহ রোধে কৃতিত্ব দেখাতে সক্ষম হয়েছেন বলে মনে করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, দেশের বাইরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে নারী-পুলিশ সদস্যরা সবার প্রশংসা অর্জন করেছেন।
বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) দুই দিনব্যাপী বার্ষিক প্রশিক্ষণ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা বলেন। মিরপুরে পুলিশ স্টাফ কলেজের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার প্রশিক্ষণ শেষ হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন ১৯৭৪-২০২২’।
শিক্ষামন্ত্রী বলেন, পুলিশের নারী সদস্যরা অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সব আন্দোলন-সংগ্রামে নারীরা সামনে ছিলেন। মহান মুক্তিযুদ্ধে নারীরা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, যুদ্ধক্ষেত্রে সেবা দিয়েছেন, তথ্য বিনিময় করেছেন। মহান মুক্তিযুদ্ধে নারীদের অসামান্য অবদান আছে। তিনি বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীর দৃশ্যমান অগ্রযাত্রার কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
সমাজে মেয়েদের অবস্থান অনেক বদলে গেছে উল্লেখ করে দীপু মনি বলেন, কৃষিতে সাফল্যের ষাট ভাগ অবদান নারীর। পোশাক শিল্পে এক চতুর্থাংশ নারী কাজ করছেন। সমাজে মেয়েদের দৃশ্যময়তা আরও পাল্টাতে হবে। নারী যত বেশি এগিয়ে যাবে তত বেশি সমাজ, দেশ এগিয়ে যাবে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশে নারী সদস্যরা দৃঢ় অবস্থানে আছে। যথেষ্ট সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন তাঁরা। দেশের সব থানায় নারী ও শিশু ডেস্ক রয়েছে। এখানে নারীরা তাদের যেকোনো সমস্যার কথা নারী পুলিশ সদস্যদের কাছে বলতে পারেন। দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও প্রশংসনীয় ভূমিকা রেখেছেন নারী পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এতে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের ভারপ্রাপ্ত রেক্টর এ এফ এম মাসুম রব্বানী। স্বাগত বক্তব্য দেন বিপিডব্লিউএনের সভাপতি ও পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ) উপমহাপরিদর্শক (ডিআইজি) আমেনা বেগম। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকায় মার্কিন দূতাবাসের প্রতিনিধি, বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।