দখলমুক্ত ফুটপাতের দেয়ালে জয়নুল-রবীন্দ্রনাথ-নজরুলসহ বরেণ্য ব্যক্তিত্বরা

সেগুনবাগিচায় দখলমুক্ত করা ফুটপাতের দেয়ালে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়েছে। ঢাকা, ০৫ অক্টোবর ২০২৬
ছবি: ডিএসসিসির সৌজন্যে

রাজধানীর সেগুনবাগিচায় দখলমুক্ত করা ফুটপাত নতুনভাবে সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পথচারীদের চলাচলের জন্য ফুটপাত সংস্কারের পাশাপাশি পাশের দেয়ালে আঁকা হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি।

আজ সোমবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন এই ফুটপাতের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

ডিএসসিসি সূত্র জানিয়েছে, আগে ফুটপাতটির একাংশ বেদখলে ছিল। দখলমুক্ত করার পর সেখানে নতুন ডাস্টবিন বসানো হয়েছে। পথচারীদের বসার জন্য তৈরি করা হয়েছে বেঞ্চ। সংস্কার করা হয়েছে সীমানাপ্রাচীর। সেই প্রাচীরেই রঙের আঁচড়ে তুলে ধরা হয়েছে দেশের বরেণ্য ব্যক্তিদের।

উদ্বোধনী অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে হকারদের বসতে দেওয়া হবে না। হকারদের জন্য বিকল্প জায়গা নির্ধারণ করা হয়েছে। উচ্ছেদের পর কেউ আবার নিষিদ্ধ জায়গায় বসলে মালামাল জব্দ করাসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম ফুটপাতের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন। ঢাকা, ০৫ অক্টোবর ২০২৬
ছবি: ডিএসসিসির সৌজন্যে

তবে হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে বলে জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, কাউকে উচ্ছেদ করা বা গরিব হকারদের পুঁজির ক্ষতি করা করপোরেশনের উদ্দেশ্য নয়। এ জন্য পীর ইয়ামেনী মাজার এলাকায় শুক্র ও শনিবার ‘হলিডে মার্কেট’ চালুর ব্যবস্থা করা হয়েছে। অন্য দিনগুলোতে আইডিয়াল স্কুলের বিপরীত পাশের সড়কের ফুটপাতে হকারদের বসার সুযোগ দেওয়া হয়েছে।

হকার সংগঠনের নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, মূল সড়ক বন্ধ করে কিংবা অনুমতি ছাড়া অন্য কোনো ফুটপাতে হকার বসানো যাবে না।

ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে নগরবাসীর সহযোগিতাও চান আবদুস সালাম। তিনি বলেন, ঢাকাকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, নগরবাসীরও নাগরিক দায়িত্ব।