ইয়াবা কিনতে ঢাকায় এসে গ্রেপ্তার কিশোর
ইয়াবা কিনতে পাবনা থেকে ঢাকায় আসে এক কিশোর। ৫০০টি ইয়াবা বড়ি কিনে পাবনায় ফেরার পথে রাজধানীর আবদুল্লাহপুর এলাকা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, ওই কিশোরকে মাদক বাহক হিসেবে ব্যবহার করেছেন ব্যবসায়ীরা। দুই–তিন দিন আগে সে ঢাকায় আসে। যাঁরা তাকে ইয়াবা নিতে ঢাকায় এনেছিলেন, এমন আরও দুজনের নাম পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ সূত্র জানায়, পাবনা থেকে এক ব্যক্তি তাকে ঢাকা থেকে ইয়াবা কিনে আনার প্রস্তাব দেন। ওই কিশোর এতে রাজি হয়ে যায়। ঢাকা থেকে ফেরার পথে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লাবিবা কাউন্টারের সামনের চেকপোস্ট থেকে গ্রেপ্তার করা হয়।
ওই কিশোরসহ দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানায় পুলিশ।