রাজধানীতে বসেছে গরু-ছাগলের মেলা
রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-সংলগ্ন মাঠে শুরু হয়েছে দুই দিনব্যাপী গরু-মহিষ, ছাগল-ভেড়াসহ অন্যান্য পশুপাখির মেলা।
শুক্রবার দুপুর ১২টার দিকে ‘ঢাকা ক্যাটল এক্সপো-২০২৩’ শিরোনামে এ মেলার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এতে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর ও বাংলাদেশ ক্যাটল ফারমার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। শনিবার সকাল ১০টায় শুরু হয়ে এই মেলা শেষ হবে রাত ১০টায়। মেলায় প্রবেশমূল্য জনপ্রতি ২০০ টাকা।
আয়োজকেরা জানান, মেলায় একটি গবাদিপশুর স্টল আছে। এ ছাড়া ওষুধ, কৃষি সরঞ্জাম, খাবারের দোকানসহ অন্য স্টল আছে আরও ৫০টি।
সরেজমিনে দেখা যায়, এক হাজার কেজির বেশি ওজনের গরুও আছে মেলায়। মহিষ, ছাগল, ভেড়া, উটপাখি, পাখিসহ নানা পশুপাখি মেলায় এসেছে। এর মধ্যে মেলায় গরুর সংখ্যা বেশি। মেলার প্রথম দিনে বেশ কিছু স্টল ফাঁকা দেখা গেছে। জটিলতার কারণে কনসার্টের আয়োজন করা হয়নি। তবে গরুর র্যাম্প শো হয়েছে।
একটি গরু ও তিনটি মহিষ নিয়ে সাভারের আশুলিয়া থাকে এসেছেন কাইয়ুম অ্যাগ্রোর মালিক মো. আবদুল কাইয়ুম। তিনি বলেন, ‘আমাদের জন্য ব্র্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ। আমার যে ২৩৫টি মহিষ আছে, তা অনেকে জানেন না। ব্র্যান্ডিং ভালো হলে মহিষের জন্য মানুষ আমার কাছে আসবে। এই মেলায় এসে সেই ব্র্যান্ডিং হচ্ছে।’
অনেকটা শখের বশেই গরুর খামার করেছেন পুরান ঢাকার বাসিন্দা জাহিদ ইকবাল। ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারে তাঁর গরুর খামার। মেলায় তিনটি গরু নিয়ে এসেছেন। তার মধ্যে দুটি খর্বাকৃতির, একটি বড়। একটি গরুর বয়স দুই বছর হলেও উচ্চতা মাত্র ২৩ ইঞ্চি, ওজন ১৫ কেজির মতো। আকারে একদম ছোট এই গরু পাবনা থেকে বছরখানেক আগে তিনি কিনেছেন। কেনার পর দুই-তিন ইঞ্চির মতো বৃদ্ধি হয়েছে বলে জানালেন।
জাহিদ ইকবাল বলেন, শখের জায়গা থেকেই গরুটি কিনেছি। এ ছাড়া খর্বাকৃতির ভুট্টি জাতের ১৪টি গরু তাঁর কাছে আছে।
প্রথম দিনে যে সাড়া মিলেছে, তাতে খুশি আয়োজকেরা। বাংলাদেশ ক্যাটল ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমজান আলী প্রথম আলোকে বলেন, মেলার প্রথম দিন ১৫ হাজার দর্শনার্থী হয়েছে। খামারিদের ব্র্যান্ডিং ও খামারিদের নিজেদের মধ্যে পরিচিতিও যেন থাকে, সে জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।
কেবল উৎপাদন বাড়ানো নয়, মান বৃদ্ধির দিকেও মনোযোগ দেওয়ার আহ্বান জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দীন আহমেদ। মেলায় আয়োজিত এক কর্মশালায় সচিব বলেন, মাংসের উৎপাদনখরচ প্রতি কেজি ৪০০ টাকার কম। কিন্তু মানুষকে তা কিনে খেতে হচ্ছে সাড়ে ৭০০ টাকায়। উৎপাদক থেকে ক্রেতার মাঝখানে থাকা বিপণনব্যবস্থার সিন্ডিকেট বাকি অর্থ নিয়ে নিচ্ছে। এই সিন্ডিকেট ভাঙতে হবে।
মেলার আয়োজকেরা জানালেন, ব্যস্ততা থাকার কারণে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।