আওয়ামী লীগ নেতা জাহিদুল হত্যা মামলার আসামি আশরাফ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদুল ইসলাম ওরফে টিপু
ফাইল ছবি

ঢাকার শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি গোলাম আশরাফ তালুকদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গোলাম আশরাফ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আশেক ইমাম আজ মঙ্গলবার এ আদেশ দেন।

আরও পড়ুন

প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম। তিনি বলেন, জাহিদুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত গোলাম আশরাফ আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বছরের ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুলকে গুলি করে হত্যা করা হয়। সে সময় ঘটনাস্থলে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফনান ওরফে প্রীতিও (২২) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় জাহিদুলের স্ত্রী ফারহানা ইসলাম শাহজাহানপুর থানায় হত্যা মামলা করেন। এক বছরের বেশি সময় পর গত ৫ জুন ঢাকার সিএমএম আদালতে এ মামলায় ২ শীর্ষ সন্ত্রাসীসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ মামলায় জামিনে আছেন তিন আসামি। পলাতক সাত আসামি। কারাগারে আছেন ২৩ আসামি।

মামলার অভিযোগপত্রের তথ্য ও ডিবি কর্মকর্তারা বলছেন, মতিঝিলকেন্দ্রিক চাঁদাবাজি ও রাজনৈতিক আধিপত্য—এ দুই কারণে জাহিদুল ইসলামকে হত্যা করা হয়। হত্যার পরিকল্পনায় বিদেশে পলাতক দুই শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ, জাফর আহমেদ ওরফে মানিকসহ ৩০ জনের নাম এসেছে। আর হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন তিনজন। সুমন শিকদার ওরফে মুসা পুরো বিষয়টি সমন্বয় করেন।

আরও পড়ুন