মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পথনাটক ও প্রদর্শনীর আয়োজন
পড়াশোনার চাপ, পরিবার ও সমাজের প্রত্যাশা এবং ভবিষ্যৎ পেশাজীবন নিয়ে অনিশ্চয়তা—শিক্ষার্থীদের মানসিক চাপের এসব দিক তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে পথনাটক ‘অল ইজ ওয়েল’। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ এই পথনাটকের আয়োজন করে।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে নাটকটি প্রদর্শিত হয়। আয়োজকেরা জানান, মানসিক সংকটে পেশাদার সহায়তা নেওয়াকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠা করা এবং বন্ধু, সহপাঠী ও প্রিয়জনদের জন্য নিরাপদ, সহমর্মী ও বিচারহীন পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরাই ছিল নাটকটির মূল উদ্দেশ্য।
নাটকটির নির্দেশক মুবাশ্বির মাহমুদ বলেন, ‘আমাদের এই নাটকের মাধ্যমে আমরা সমাজের মানসিক স্বাস্থ্যবিষয়ক ভুল ধারণা ও অসংবেদনশীলতাকে প্রশ্ন করতে চেয়েছি। মানসিক সংকটে থাকা মানুষকে বিচ্ছিন্ন না করে, বরং তাঁদের বোঝা, পাশে থাকা এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়াই আমাদের নাটকের মূল বার্তা।’
এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এবং এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের যৌথ উদ্যোগে টিএসসির পায়রা চত্বরে দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক মেহজাবীন হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।