সোয়া ২টায় নয়, দুপুর ১২টাতেই ছেড়ে গেছে শেষ মেট্রোরেল
বৈদ্যুতিক লাইনে ফানুস আটকে থাকার কারণে রোববার রাজধানীতে মেট্রোরেল চলাচল দুই ঘণ্টা বন্ধ থাকায় কর্তৃপক্ষ বলেছিল যাত্রী থাকা সাপেক্ষে আজ দুপুর ১২টার পরিবর্তে বেলা ২টা ১৫ মিনিট পর্যন্ত ট্রেন চলবে। তবে যাত্রীরা অভিযোগ করেছেন, ১২টার পর অতিরিক্ত সময়ে ট্রেন চলেনি। তাঁদের স্টেশনে এসে ফিরে যেতে হয়েছে। দায়িত্বরত পুলিশ সদস্যরাও বলেছেন, দুপুর ১২টার দিকে শেষ ট্রেন ছেড়ে গেছে।
সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চলার কথা। খিষ্ট্রীয় নববর্ষ উদ্যাপন উপলক্ষে গত রাতে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ে। দুর্ঘটনা রোধে আজ সকালে মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। ফানুস সরানোর পর সকাল ১০টা ১৫ মিনিটের দিকে রেল চলাচল শুরু হয়।
সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক বলেছিলেন, মেট্রোরেল চালু হতে দেরি হওয়ার কারণে আজ যাত্রী থাকা সাপেক্ষে বেলা সোয়া ২টা পর্যন্ত রেল চলবে।
কিন্তু বেলা ১টার দিকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে গিয়ে দেখা যায়, মেট্রোরেলের ফটক বন্ধ। দায়িত্বরত পুলিশ সদস্যরা বলেন, দুপুর ১২টার দিকে ট্রেন ছেড়ে গেছে। আর আসবে না। তাই গেট বন্ধ।
এদিকে গণমাধ্যমে অতিরিক্ত সময়ে মেট্রোরেল চলাচলের সংবাদ দেখে অনেকেই মেট্রোরেলে চড়ার জন্য আগারগাঁও আসেন। তেমন একজন মোহাম্মদপুরের বাসিন্দা মো. জোবায়রুল হক। তিনি বলেন, ‘নিউজ দেখে মেট্রোরেলে চড়ার জন্য এসেছিলাম। এখন দেখছি বন্ধ।’
বেলা পৌনে ১টা থেকে ২টা পর্যন্ত আগারগাঁওয়ের মেট্রোরেলের স্টেশনে অবস্থান করে দেখা যায়, গণমাধ্যমে সংবাদ দেখা ছাড়াও অনেকেই না জেনে বা আংশিক তথ্য জেনে স্টেশনে আসছেন। সেখানে কর্মরত পুলিশ সদস্যরা আসা লোকদের নানা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছেন।
সাভারের একটি কারখানায় কাজ করেন নূর কামাল ও ব্রজেন রায়। তাঁরা মেট্রোরেলে ওঠার জন্য আজ ঢাকায় এসেছিলেন। তবে দুপুর সাড়ে ১২টায় আগারগাঁওয়ের স্টেশনে আসায় তাঁরা ট্রেন পাননি।
নূর কামাল বলেন, ‘আজ আমাদের সাপ্তাহিক ছুটি। তাই মেট্রোরেলে চড়তে এসেছিলাম। খুব ইচ্ছা ছিল ওঠার। সব মাটি হয়ে গেল।’
মেট্রোরেলের বন্ধ ফটকের নোটিশে লেখা, প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এখান থেকে এমআরটি পাস ক্রয় করা যাবে। এমআরটি পাসধারী যাত্রীদের লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। প্রবেশ গেট খুলবে সকাল সাড়ে ৭টায় এবং বন্ধ হবে বেলা সাড়ে ১১টায়।