ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দী গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁরা হলেন তোফাজ্জল ওরফে পলাশ (৩৮) ও ইফতেখার মাহমুদ (৩৬)।
কারা সূত্র জানায়, গতকাল রাতে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে বন্দী তোফাজ্জল ওরফে পলাশকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তোফাজ্জাল রাজধানীর দারুস সালাম থানার বাগবাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম আলী হোসেন।
এর আগে ১৯ সেপ্টেম্বর কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে বন্দী ইফতেখার মাহমুদকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। ইফতেখার রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগে থাকতেন। তাঁর বাবার নাম মাহবুব আলম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. সেলিম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে রাখা হয়েছে। তাঁরা কোন মামলায় বন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।