যারা ব্যাংক লুটে শামিল হয়, তাদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলা যায় না: মফিদুল হক
মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক বলেছেন, ‘মুক্তিযুদ্ধের মূল্যবোধের কথা বলে কেউ যদি ব্যাংক লুটে শামিল হয়ে যায়, তাদের কখনোই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলা যায় না।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বিজয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মফিদুল হক। আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে এ উৎসবের উদ্বোধন হয়।
মফিদুল হক বলেন, লুটপাট যাঁরা করছেন, তাঁদের অবশ্যই চিহ্নিত এবং প্রতিহত করতে হবে। তাঁরা যেন কোনোভাবে রাজনীতির ছত্রচ্ছায়ায় তাঁদের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ না পান। কারণ, অর্থনীতির এ অর্জনের পেছনে বহু মানুষের ভূমিকা আছে, দক্ষতার ছাপ আছে। যাঁরা লুটপাটে মেতে উঠেছেন, তাঁদের আলাদা করতে হবে।
বিজয় উৎসব উদ্বোধন করেন নাট্যজন ফেরদৌসী মজুমদার। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ফেরদৌসী মজুমদার বলেন, ‘৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেয়েছি, তা রক্ষা করা আরও কঠিন। আমাদের তাই সব সময় সততার সঙ্গে পথ চলতে হবে, ভালো মানুষ হতে হবে। আসুন, আমরা ভালো মানুষ হই, আনন্দ করি আর যাঁরা চলে গেছেন, তাঁদের যেন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’
রামেন্দু মজুমদার বলেন, ‘এক বছর পর নির্বাচন। আমাদের লক্ষ রাখতে হবে, একাত্তরের পরাজিত শক্তি যেন ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ না পায়।’
নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘দেশে উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে অনেক। তবে দেশটা আমাদের সেই ১৯৪৭-এর মতো ধর্মের ভিত্তিতে, সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভাজিত হয়ে গেছে। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমরা যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম, এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। পঁচাত্তরের ১৫ আগস্টের পর বাংলাদেশের রাজনীতি, এমনকি সংস্কৃতিও বিভাজিত হয়ে গেছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ তাই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে।’
গোলাম কুদ্দুছ বলেন, ‘তৎকালীন স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে জনগণের গণতান্ত্রিক আন্দোলনের বিজয় এবং মুক্তিযুদ্ধের বিজয়কে সমন্বিত করে আমরা বিজয় উৎসব আয়োজন শুরু করেছিলাম। তার মানে এর প্রেক্ষাপট রাজনৈতিক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাও রাজনৈতিক ও আদর্শিক। বাঙালির সংস্কৃতি রক্ষা, মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখাই আমাদের মূল লক্ষ্য।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জোটের জ্যেষ্ঠ সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহাম্মদ সামাদ, জোটের সহসভাপতি ঝুনা চৌধুরী, মীর বরকত, সহসাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস, সাংগঠনিক সম্পাদক আজহারুল হক আজাদ প্রমুখ।
শহীদবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বিজয় উৎসব। সংগীত ও নৃত্য পরিবেশন করেন বহ্নিশিখা ও স্পন্দনের শিল্পীরা। অনুষ্ঠানে বিজয় উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন জোটের অর্থ সম্পাদক আখতারুজ্জামান।
প্রতিদিন বিকেল চারটা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবে একক ও দলীয় সংগীত, নাটক, নৃত্য, একক ও দলীয় আবৃত্তি, শিশু সংগঠনের পরিবেশনা ও স্মৃতিচারণা। এ ছাড়া ধানমন্ডি রবীন্দ্র সরোবর মঞ্চ, রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ, মিরপুর-৬ নম্বর সেকশনের মুকুল ফৌজ মাঠ, দনিয়া মাসুদ মঞ্চ, ভিক্টোরিয়া পার্ক, মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি মাঠ, উত্তরা বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ, পূর্বাচল জয় বাংলা স্কয়ারেও চলবে বিজয় উৎসবের অনুষ্ঠান।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ১৫ ও ১৬ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন, ১৭ ডিসেম্বর বেনাপোল ও যশোর, ২৩ ডিসেম্বর ঢাকার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে। এ কর্মসূচি বাস্তবায়নে দেড় শতাধিক সংগঠনের প্রায় তিন হাজার শিল্পী অংশ নিচ্ছেন।