অগ্নিনির্বাপণব্যবস্থায় উদাসীনতা, ঝুঁকি

এই পোশাকপল্লিতে রয়েছে প্রায় ১০ হাজার শোরুম, ৫ হাজার ছোট-বড় কারখানা। এসবে বিভিন্ন কাজে জড়িত কয়েক লাখ শ্রমিক।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার বার তাগাদা দেওয়ার পরও কেরানীগঞ্জ পোশাকপল্লিতে নিশ্চিত করা হচ্ছে না অগ্নিনির্বাপণব্যবস্থা। সম্প্রতি তোলা ছবি।

দেশে তৈরি পোশাকের সর্ববৃহৎ পাইকারি বাজার ঢাকার কেরানীগঞ্জ পোশাকপল্লি পরিদর্শন করে অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়সল বিন করিম। তিন মাস হতে চললেও এখন পর্যন্ত অধিকাংশ বিপণিবিতান, বহুতল ভবন ও তৈরি পোশাক কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা করা হয়নি। ঝুঁকি নিয়ে ব্যবসায়িক কার্যক্রম চলছে এই পোশাকপল্লিতে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, এই পোশাকপল্লিতে রয়েছে প্রায় ১০ হাজার শোরুম, ৫ হাজার ছোট-বড় কারখানা। এসবে জড়িত কয়েক লাখ শ্রমিক। এ ছাড়া এখানে সব সময় লেগে থাকে ক্রেতাদের পদচারণ। একাধিক ব্যবসায়ী জানান, বিপণিবিতান, ভবনমালিক, কারখানার ভাড়াটে ও দোকানিদের অনীহা–উদাসীনতার কারণে অনেকেই এখনও অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবস্থা করেননি।

গত ৪ এপ্রিল দেশের অন্যতম বৃহৎ কাপড়ের মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর কিছুদিন পর ১৫ এপ্রিল রাজধানীর নিউমার্কেটসংলগ্ন নিউ সুপার মার্কেটেও আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন অগ্নিঝুঁকিতে থাকা কেরানীগঞ্জের গার্মেন্টসপল্লিতে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখার নির্দেশ দেন। কিন্তু খুব কমই মানা হয়েছে এ নির্দেশনা।

সম্প্রতি বুড়িগঙ্গা নদীর তীরের শুভাঢ্যা ও আগানগর ইউনিয়নের চরকালীগঞ্জ, খেজুরবাগ, কালীগঞ্জ, আগানগর, নাগরমহল ও ইস্পাহানি এলাকায় গিয়ে দেখা যায়, পোশাকপল্লির আলম টাওয়ার, আশা কমপ্লেক্স, মসজিদ মার্কেট, নুরু মার্কেট, খাজা সুপার মার্কেট, চায়না মার্কেট, আন্ডারগ্রাউন্ড মার্কেটসহ বেশির ভাগ বিপণিবিতান ও দোকানে অগ্নিনির্বাপণের ব্যবস্থা করা হয়নি। এর মধ্যে পূর্ব আগানগর এলাকায় মধুমিতা প্লাজা বিপণিবিতানে একটি অগ্নিনির্বাপক সিলিন্ডারও দেখা যায়নি। একই এলাকায় পাকা সুপার মার্কেটে ৪২টি দোকান রয়েছে। এই মার্কেটে মালিকপক্ষ থেকে মাত্র দুটি গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে। বাকি বিপণিবিতানগুলোতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থাই দেখা যায়নি।

পূর্ব আগানগর এলাকার তালুকদার ম্যানশন বিপণিবিতানের তৈরি পোশাকের কারখানামালিক মো. জাফর বলেন, ‘এখানে আমার দুটি কারখানা রয়েছে। সেখানে দুইটি অগ্নিনির্বাপক সিলিন্ডার স্থাপন করেছি। এর মধ্যে একটি মালিকপক্ষ কিনে দিয়েছে। একই এলাকায় মধুমিতা প্লাজায় জাফর গার্মেন্টস নামে আমার একটি দোকান রয়েছে। এই মার্কেটে মোট ১৬টি দোকান রয়েছে। কিন্তু এখানে কোনো অগ্নিনির্বাপক সিলিন্ডার নেই।’

অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে কথা হয় চরকালিগঞ্জ এলাকার নুরু সুপার মার্কেটের সিয়াম প্যান্ট হাউসের কর্মচারী আবুল হোসেনের সঙ্গে। তাঁর ভাষ্য, তাঁদের বিপণিবিতানে দুই শতাধিক দোকান আছে। এর মধ্যে অনেক দোকানে প্যান্ট সেলাই করা হয়। এ জন্য সেখানে বৈদ্যুতিক তারের ব্যবহার বেশি হয়। কিন্তু এখানে কোনো অগ্নিনির্বাপক সিলিন্ডার নেই। আবুল হোসেন বলেন, ‘কয়েক বছর আগে আমাদের দোকানে একটা গ্যাস সিলিন্ডার রাখা হয়েছিল। তবে সেটি ব্যবহার করার প্রয়োজন হয়নি।’

তবে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকানমালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুসলিম ঢালীর দাবি, অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেতে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার জন্যে প্রতিদিন প্রতিটি মার্কেটে ও দোকানে তাগিদ দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রায় সময় মাইকিংও করা হয়। এর মধ্যে বেশ কিছু দোকান ও মার্কেটে অগ্নিনির্বাপক যন্ত্র রেখেছে। প্রতিটি দোকান ও কারখানায় অগ্নিনির্বাপক যন্ত্র রাখার জন্য সমিতির পক্ষ থেকে চেষ্টা চলছে।

বিপণিবিতান ও দোকানগুলোতে অগ্নিনির্বাপণব্যবস্থা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ইউএনও মোহাম্মদ ফয়সল বিন করিম প্রথম আলোকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পোশাপল্লির বিভিন্ন বিপণিবিতান, কারখানা ও দোকানে অগ্নিনির্বাপক যন্ত্র ও সিলিন্ডার রাখা হয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নিয়ে তালিকা তৈরি করা হচ্ছে। যাঁরা নির্দেশনা উপেক্ষা করে এখন পর্যন্ত অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থা করেনি, তাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।