বিশ্ব ফটোগ্রাফি দিবসে বিপিজেএর বর্ণাঢ্য শোভাযাত্রা

বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। রাজধানীর পুরানা পল্টনে বিপিজেএ কার্যালয়ের সামনে, ১৯ আগস্ট ২০২৬ছবি: বিপিজেএর সৌজন্যে

বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)। এতে ফটোসাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়।

বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বিপিজেএ কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে দৈনিক বাংলা মোড় প্রদক্ষিণ করে এটি আবার বিপিজেএ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বিপিজেএর ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাদলসহ সংগঠনের সদস্য এবং দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমের ফটোসাংবাদিকেরা অংশ নেন।

অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ফেস্টুন ও ব্যানার ছিল। এসব ব্যানারে বিশ্ব ফটোগ্রাফি দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ফটোসাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকারসংক্রান্ত বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

শোভাযাত্রার বিভিন্ন পর্যায়ে কালার স্মোক বা রঙিন ধোঁয়া ছড়ানো হলে উচ্ছ্বাসে মাতেন অংশগ্রহণকারীরা। রঙিন ধোঁয়ায় শোভাযাত্রার পরিবেশও আকর্ষণীয় হয়ে ওঠে। ফটোসাংবাদিকেরা এসব মুহূর্ত ক্যামেরায় ধারণ করেন।

আয়োজকেরা বলেন, ছবি শুধু কোনো দৃশ্য ধারণ করে না, এটি সময় ও ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষ্যও বহন করে। অনেক সময় একটি ছবি হাজারো শব্দের চেয়ে শক্তিশালীভাবে কোনো ঘটনা, সমাজ ও মানুষের বাস্তবতাকে তুলে ধরে। সংবাদ সংগ্রহ ও পরিবেশনে ফটোসাংবাদিকদের ভূমিকা তাই গুরুত্বপূর্ণ।

বিপিজেএর নেতৃত্ব আরও বলেন, দেশের নানা সংকট, আন্দোলন, দুর্যোগ, রাজনৈতিক ও সামাজিক ঘটনাসহ গুরুত্বপূর্ণ মুহূর্ত সাধারণ মানুষের সামনে তুলে ধরতে ফটোসাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তাই ফটোসাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা করা জরুরি।

আয়োজকেরা আরও জানান, বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে আয়োজিত এ শোভাযাত্রার মাধ্যমে দেশের ফটোসাংবাদিকদের ঐক্য, পেশার প্রতি তাঁদের দায়বদ্ধতা এবং সমাজ ও ইতিহাসে আলোকচিত্রের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

শোভাযাত্রা শেষে বিপিজেএ কার্যালয়ে সদস্যদের মধ্যে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।