ট্রেনে কাটা পড়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আবদুর রশীদ
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষক নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর-সংলগ্ন রেলগেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আবদুর রশীদ (৬৯)। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন।

আবদুর রশীদ উত্তরা ৬ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান কানাডায় থাকেন। তাঁর গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায়।

এসআই কামরুল হাসান আজ বুধবার প্রথম আলোক বলেন, রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে আসা টঙ্গীগামী একটি ট্রেনে কাটা পড়েন আবদুর রশীদ। তাঁর লাশের পাশে বাজার করার একটি ব্যাগ ও কাঁচাবাজার পড়ে ছিল।

এসআই আরও বলেন, আবদুর রশীদ রেলগেটের পাশের বাজার থেকে কাঁচা পণ্য কিনে বাসায় ফিরছিলেন বলে ধারণা করা হচ্ছে। রেললাইন পার হতে গিয়ে তিনি ট্রেনে কাটা পড়ে নিহত হন।

স্বজন ফাহিম ফারহান বলেন, গতকাল রাত ১১টার দিকে তাঁরা ফোনে জানেন, আবদুর রশীদ ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

আত্মীয়স্বজনের করা লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আবদুর রশীদের লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই কামরুল হাসান।