উন্নয়নের লক্ষ্য হতে হবে সুখের পরিবেশ তৈরি: ভুটানের রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল বলেছেন, সুখ প্রতিটি নাগরিকের চূড়ান্ত আকাঙ্ক্ষা। উন্নয়নের উদ্দেশ্য হতে হবে সুখের পরিবেশ তৈরি করা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) গত ২২ ডিসেম্বর এক বিশেষ বক্তৃতায় তিনি এ কথা বলেন।
‘দ্য অ্যাম্বাসেডর টক সিরিজ: সেশন ১’ শীর্ষক এই বিশেষ বক্তৃতা যৌথভাবে আয়োজন করে এনএসইউ’র সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এবং অফিস অব এক্সটারনাল অ্যাফেয়ার্স।
এতে ভুটানের রাষ্ট্রদূত ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস (জিএনএইচ) তথা সামগ্রিক জাতীয় সুখ-ভুটানের উন্নয়ন দর্শন’ শীর্ষক বিষয়ে বক্তৃতা করেন। ভুটানের ১৭২৯ লিগ্যাল কোড অনুসারে জিএনএইচের মূল বিষয় হলো— ‘যদি সরকার তার জনগণের জন্য সুখের ব্যবস্থা করতে না পারে, তাহলে সরকারের অস্তিত্বের কোনো উদ্দেশ্য নেই’।
কুয়েনসিল বলেন, জিএনএইচ গভীর ও স্থায়ী সুখকে বোঝায় যা বহুমাত্রিক জীবনের অভিজ্ঞতা থেকে আসে। এটি হলো একটি উন্নয়ন পদ্ধতি যা ‘বস্তুগত সুস্থতা এবং ব্যক্তি ও সমাজের আধ্যাত্মিক, মানসিক ও সাংস্কৃতিক চাহিদার মধ্যে একটি ভারসাম্য অর্জন করতে চায়’।
তিনি বলেন, জিএনএইচ এই বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যে, যেহেতু সুখ প্রতিটি নাগরিকের চূড়ান্ত আকাঙ্ক্ষা, তাই সুখের পরিবেশ তৈরি করা উন্নয়নের উদ্দেশ্য হতে হবে। ভুটানের সংবিধানে বলা আছে, ‘রাষ্ট্র সেই শর্তগুলোকে উন্নীত করার জন্য সচেষ্ট হবে, যেগুলো সামগ্রিক জাতীয় সুখের ব্যবস্থা করতে সক্ষম হবে’।
ভুটানের রাষ্ট্রদূত বলেন, জিএনএইচের চারটি স্তম্ভ হলো— টেকসই আর্থসামাজিক উন্নয়ন, সংস্কৃতির প্রচার ও সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ এবং সুশাসন। সেন্টার ফর ভুটান স্টাডিজ অ্যান্ড জিএনএইচ রিসার্চ জিএনএইচ নিয়ে গবেষণা, সমীক্ষা ও অধ্যয়ন করে থাকে।
তিনি বলেন, জিএনএইচের ৯টি খাত ও সেগুলোর সূচক ভুটানের জনগণের সাধারণ আকাঙ্ক্ষাগুলোকে নিয়ে একটি উন্নয়ন কাঠামো হিসেবে গৃহীত হয়েছে। এই সূচকগুলো নিশ্চিত করেছে, উন্নয়ন মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের চেয়েও বেশি কিছু।
কুয়েনসিল জানান, ২০১১ সালের জুলাইতে ‘সুখ: উন্নয়নের একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি’ বিষয়ক একটি রেজল্যুশন পাস করে জাতিসংঘ। পরের বছরের এপ্রিলে ‘স্বাস্থ্য ও সুখ: একটি নতুন উন্নয়ন দৃষ্টান্ত সংজ্ঞায়িত করা’ বিষয়ে জাতিসংঘে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। ২০১২ সালের জুলাইতে জাতিসংঘের প্রস্তাবে ২০ মার্চ ‘আন্তর্জাতিক সুখ দিবস’ হিসেবে সর্বসম্মতিক্রমে পাস হয়।
তিনি বলেন, ‘ভুটানের রাজা মহামান্য জিগমে খেসার নামগেল ওয়াংচুকের মতে, আজ জিএনএইচ-কে বহু মানুষের কাছে অনেক কিছুই মনে হয়। কিন্তু এটাকে আমি সহজভাবে বুঝি— মূল্যবোধের সঙ্গে উন্নয়ন। জিএনএইচ উদারতা, সমতা ও মানবতার মৌলিক মূল্যবোধ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্জনের প্রচেষ্টার মধ্যে সেতুবন্ধন।’
সিপিএসের উপদেষ্টা ক্যাথরিন লি’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসআইপিজির পরিচালক অধ্যাপক এসকে তৌফিক এম হক, সিপিএসের সমন্বয়কারী আব্দুল ওহাব প্রমুখ। এতে শিক্ষাবিদ, গবেষক, কূটনীতিক, সাংবাদিক, এনএসইউর ভুটানি ও অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।