রাজধানী থেকে ২৯ ছিনতাইকারী গ্রেপ্তারের দাবি র‌্যাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া কয়েকজন
ছবি: র‌্যাবের সৌজন্যে

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ২৯ জন ছিনতাইকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৩–এর স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, কমলাপুর, শাহজাহানপুর, মতিঝিল, মুগদা, পল্টন, হাতিরঝিল ও তেজগাঁও এলাকায় এই অভিযান চালানো হয়। তাঁরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ছিনতাইকারীদের তৎপরতার বিষয়ে র‌্যাবের কর্মকর্তা ফারজানা হক বলেন, ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিদিন অসংখ্য যাত্রী ও পথচারী ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছেন।

কেউ কেউ আবার আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ঢাকায় ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে যাওয়ায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে কমলাপুর এলাকা থেকে এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে দৌড়ে পালানোর সময় পিছু ধাওয়া করে ছিনতাইকারী আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তার অন্য ছিনতাইকারী হলেন—মো. ইসলাম, মো. বাবু, মো. টিটু, মো. শরিফ, নুরে আলম, মো. মুরাদীল মুস্তাকিম, মো. জালাল, হৃদয়, মো. হোসেন, মো. জয়, মো. সুমন, ইয়াছিন রাব্বি, টিটু, মো. পরান, রাসেল, মো. জীবন সরদার, মো. শুক্কুর, সাগর হোসেন, মাসুম খান, মিহির তালুকদার, মো. হোসেন, মো. ফারুক, মো. মেহেদী হাসান রানা, মো. সুজন, জুলহাস, কবির হোসেন, দেওয়ান আলী ও তৌহিদ হাওলাদার।

তাঁদের কাছ থেকে ১৮টি মুঠোফোন, ৭টি সুইচ গিয়ার, ২টি অ্যান্টিকাটার, ৬টি ব্লেড, ১টি কাঁচি, চাকু, ক্ষুর, বিষাক্ত মলমের কৌটা, সোনার চেইন ও ৩২৪ টাকা উদ্ধার করা হয়।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ফারজানা হক বলেন, রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় ছিনতাইকারীরা যাত্রীদের লক্ষ্যবস্তু বানিয়ে কখনো তাঁদের দেশি অস্ত্রের মুখে জিম্মি করে, আবার কখনো চেতনানাশক ওষুধ মিশিয়ে খাইয়ে সব কেড়ে নেন।

ভিড়ের মধ্যে যাত্রীদের চোখে–মুখে মলম, মরিচের গুঁড়া বা বিষাক্ত স্প্রে করে যাত্রীদের যন্ত্রণায় কাতর করে সব কেড়ে নেন। এ ছাড়া সংঘবদ্ধ ছিনতাইকারীরা রাজধানীর বিভিন্ন অলিগলিতে ওৎ পেতে থাকেন। সুযোগ পেলেই তাঁরা পথচারী, রিকশার আরোহী, যানজটে থাকা সিএনজি, অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সব কেড়ে নেন।