মিরপুরে নির্মাণকাজের সময় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর মিরপুরের শাহ আলীতে নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম সোহাগ হাসান (২২)। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) ছলিম উদ্দিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ কর্মকর্তা ছলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, শাহ আলী মাজার এলাকায় একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় বাইরে প্লাস্টারের কাজ করছিলেন সোহাগ। তখন পাশে থাকা বিদ্যুৎ সঞ্চালনের তারে তাঁর শরীরের স্পর্শ লাগে। এতে তিনি নিচে পড়ে যান। স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
ছলিম উদ্দিন জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা আছে।