গাবতলীতে উত্তরাঞ্চলগামী বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হলেও আজ দুপুরের পর থেকে টার্মিনালে যাত্রীদের ভিড় বাড়তে থাকে।
ছবি: প্রথম আলো

দেশের উত্তরাঞ্চলের বাস ছেড়ে যায় মূলত রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল থেকে। কাল শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হলেও আজ দুপুরের পর থেকে টার্মিনালে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। অনেকেই অভিযোগ করেন তাঁদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, বেশির ভাগ বাসের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। এখন ভাড়া নিয়ে কিছু বাস পরিচালনা করা হচ্ছে। সেসব বাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এ ছাড়া আজকে নিয়মিত বাসে অল্প কিছু আসন ফাঁকা আছে, সেগুলোও কিছুটা বাড়তি দাম রাখছে।

নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করেন আবু হানজালা ও মো. সাব্বির হোসেন। জয়পুরহাটে বাড়ি। বেলা ১টার দিকে গাবতলীর শ্যামলী পরিবহনের কাউন্টারে আসেন তাঁরা। এরপর জয়পুরহাটের দুটি টিকিট কাটেন দুই হাজার টাকা দিয়ে। আবু হানজালা বলেন, ‘আমাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হয়েছে। উপায় না থাকায় কিনলাম।’

শ্যামলী পরিবহনের কাউন্টারে সাঁটানো ভাড়ার তালিকা অনুযায়ী, গাবতলী থেকে জয়পুরহাটের দূরত্ব ২৪৭ কিলোমিটার। এই দূরত্বে টোলসহ আদায়যোগ্য ভাড়া ৭১২ টাকা। অর্থাৎ শ্যামলী পরিবহনের প্রত্যেকের কাছ থেকে ২৮৮ টাকা বাড়তি ভাড়া আদায় করছে।

এ বিষয়ে জানতে চাইলে শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার মো. জাহিদ বলেন, আগামীকাল শুক্রবার দুপুর পর্যন্ত শ্যামলী পরিবহনের সব টিকিট বিক্রি হয়ে আছে। মালিকপক্ষ বাস ভাড়া করে বাড়তি যাত্রীর চাহিদা মেটাচ্ছে। সেগুলো যেহেতু ভাড়া করা বাস, নিয়মিত চলে না, তাই একটু বাড়তি দাম ধরা হয়েছে।

জাহিদ আরও বলেন, ‘আমাদের বেতন মাত্র ৩০০ টাকা। চা খাওয়ার জন্যও আমরা বাড়তি একটা টাকা পাই না। দিন–রাত দায়িত্ব পালন করে এই টাকায় তো আমাদের চলে না। এক হাজার টাকায় একটি টিকিট বিক্রি করতে পারলে আমাদের ৫০ টাকা বা একটু বাড়তি কিছু টাকা থাকে। তাহলে আমরা করব না কেন?’

বেশির ভাগ বাসের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে
ছবি: প্রথম আলো

আজ দুপুরে গাবতলী বাস টার্মিনালের হানিফের বাস কাউন্টার থেকে রংপুর যাওয়ার জন্য এক হাজার টাকায় টিকিট পেয়ে বেশ খুশি আনিসুল ইসলাম। তিনি বলেন, ‘এসেই টিকিট পেয়েছি। এক হাজার টাকা ভাড়া নিয়েছে, খুব একটা বাড়তি নেয়নি।’

সরকারি হিসাবে, গাবতলী থেকে রংপুরের দূরত্ব ৩০৮ কিলোমিটার। টোলসহ আদায়যোগ্য ভাড়া ৮৭৯ টাকা। অর্থাৎ হানিফ পরিবহনও আনিসুলের কাছ থেকে বাড়তি ১২১ টাকা নিয়েছে।

গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে বাড়তি ভাড়া আদায় বন্ধসহ শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষসহ (বিআরটিএ) সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে। সেখানে দায়িত্ব পালন করছিলেন বিআরটিএর সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

বাড়তি ভাড়া আদায় প্রসঙ্গে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, এ রকম অভিযোগ আমরাও পেয়েছি। তবে যাচাই করতে গিয়ে সত্যতা পাইনি।

গরমে শিশুদের ভোগান্তি

সকাল থেকে রাজধানীর আকাশে কিছু মেঘের আনাগোনা বেড়ে গেলেও বেলা গড়াতে তা কমে যায়। মেঘ সরে গিয়ে রোদের তীব্রতা বাড়তে থাকে। বেলা ১১টার পর গরমের দাপট বেড়ে যায়। ভোর থেকে যে হালকা শীতল বাতাস বইতে শুরু করেছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা লু হাওয়ায় পরিণত হয়।

বাতাস থেকে আগের দিনগুলোর মতোই আগুনের হলকার মতো বের হয়। ফলে যাঁরাই ঘরের বাইরে বের হয়েছেন, তাঁদের ঘেমে–নেয়ে একাকার হতে হয়েছে।

মো. আবদুল লতিফের কোলে ১১ মাস বয়সী শিশুসন্তান ঘুমাচ্ছিল। গাবতলীর বাস টার্মিনালে সন্তানকে কোলে নিয়ে বসে থাকা লতিফ ও সন্তানকে পাশে দাঁড়িয়ে হাতপাখা দিয়ে বাতাস করছিলেন তাঁর স্ত্রী। পরিবারের সঙ্গে ঈদ করতে গাইবান্ধার পলাশবাড়ীতে যাওয়ার জন্য আজ বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা গাবতলী বাস টার্মিনালে আসেন। এসেই ডিপজল পরিবহনে ১১০০ টাকা করে দুটি নন–এসি টিকিট কাটেন।

নারায়ণগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবদুল লতিফ বলেন, ‘গরমে কষ্ট হচ্ছে দেখে তাড়াতাড়ি যাওয়ার জন্য বেশি দাম দিয়ে দুটি টিকিট কাটলাম। কিন্তু এখন বেলা পৌনে ২টা বাজতে চলল, এখনো বাস ছাড়ে না। বলছে, আসবে আসবে। এতটা কষ্ট হবে ভাবতে পারি নাই। আমাদের কষ্ট যেমন তেমন, গরমে বাচ্চাটার বেশি কষ্ট হচ্ছে।’

আরও কয়েকটি পরিবারকে একই রকম ভোগান্তিতে পড়তে দেখা গেছে। নির্মাণশ্রমিক সোহেল রানার চার মাস বয়সী শিশু, স্ত্রী ও শাশুড়িকে নিয়ে ঈদ করতে বগুড়ার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। স্ত্রীর কোলে থাকা মেয়েকে বাতাস করছিলেন তাঁর শাশুড়ি।

সোহেল রানা জানান, এসেই তিনি শ্যামলী পরিবহনে টিকিট পেয়েছেন। সঙ্গে অল্প বয়সী শিশু থাকায় বেশি দাম দিয়েই টিকিট কেটেছেন। ঈদের আগে বগুড়ায় যেখানে সাড়ে পাঁচ শ টাকায় যাওয়া যেত, সেখানে আজ তিনি প্রতিটি টিকিট কিনেছেন এক হাজার টাকায়।