ডেঙ্গুতে ৩০ দিনে ৩৫২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে ডেঙ্গু রোগী
ফাইল ছবি: প্রথম আলো

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে সারা দেশে এডিস মশাবাহিত এই রোগে প্রাণ হারিয়েছেন ৩৫২ জন। আর চলতি বছর মোট মারা গেছেন ১ হাজার ৩৪১ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭০৮ জন। এ সময় ডেঙ্গুতে মারা যাওয়া ৪ জন ঢাকার ও ৪ জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছর ডেঙ্গু নিয়ে ২ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৮ হাজার ৭৫৬ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৭০ হাজার ৬৩২ জন।

দেশে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় ২০০০ সালে। তখন ডেঙ্গুর চিকিৎসা ও ব্যবস্থাপনা অনেকের কাছে নতুন ছিল। ওই বছর ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু হয়। করোনা মহামারির আগের বছর; অর্থাৎ ২০১৯ সালে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ওই বছর ডেঙ্গুতে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। আইইডিসিআরের তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন। এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।