চলন্ত অটোরিকশা উল্টে চালক নিহত

নিহতপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশা সামনের চাকা খুলে উল্টে গেলে চালক আশরাফ হোসাইন (৪০) নিহত হন। এ ঘটনায় সিএনজির দুই যাত্রী আহত হয়েছেন।

আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পথচারী মাসুম রহমান ও মুজাহিদুল ইসলাম চালক আশরাফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মাসুম রহমান ও মুজাহিদুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, আহত দুই যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে কেটে গেছে। তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত আশরাফের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তাঁর বাবার নাম তোফাজ্জল হোসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।