বাংলাবিদের পঞ্চম বর্ষের আয়োজন শুরু
বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আবারও শুরু হয়েছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ আয়োজন। পঞ্চম বর্ষের এ আয়োজনে অংশ নিতে নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে।
আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে বাংলাবিদ আয়োজন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, এবারের আয়োজনে অংশ নিতে আজ ২১ ডিসেম্বর থেকে আগামী বছরের ১৯ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করা যাবে।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবে। দেশের আটটি বিভাগীয় শহরে এবং কুমিল্লা শহরে প্রাথমকি বাছাই অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে নির্বাচিত সেরাদের মূল পর্বে নিয়ে আসা হবে, যেখানে থাকবে ২০টি পর্বের স্টুডিও অনুষ্ঠান।
‘বাংলায় জাগো ভরপুর’ স্লোগানে পঞ্চম বর্ষের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। তিনি বলেন, বাংলা ভাষা সবচেয়ে সুন্দর ও মিষ্টি ভাষা। চাইলেও বাংলাকে বিযুক্ত করা যাবে না। বাংলাবিদের মতো আয়োজন হাজার বছর টিকে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর আশা করেন অন্যান্যবারের মতো এবারের বাংলাবিদ আয়োজনও সফল হবে।
সংবাদ সম্মেলনে আগের বছরগুলোর বিজয়ীদের অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে জানানো হয়, চূড়ান্ত প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী পাবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এ ছাড়া প্রথম ১০ জন বিজয়ীর প্রত্যেকের জন্য থাকবে ১টি করে ল্যাপটপসহ ৫০ হাজার টাকা সমমূল্যের বই ও বইয়ের আলমারি।
বাংলাবিদ আয়োজনের অন্যতম বিচারক ও কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, টিভি রিয়েলিটি শো এর মধ্যে বাংলাবিদ অন্যতম শ্রেষ্ঠ আয়োজন। বাংলা ভাষার প্রতিযোগিতা নিয়ে সারা দেশেই প্রচুর সাড়া রয়েছে। বাংলা ভাষা শুধু বেঁচে থাকবেই না, জয় লাভও করবে।
বাংলাবিদ নিয়ে মানুষের আগ্রহের কথা জানান আয়োজনের আরেক বিচারক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর। তিনি বাংলাবিদে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহ দিতে শিক্ষক–অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
ইস্পাহানি টি লিমিটেডের উপমহাব্যবস্থাপক এইচ এম ফজলে রাব্বি বলেন, টানা তিন বছর সফলতার সঙ্গে বাংলাবিদের আয়োজন হয়। করোনার কারণে দুই বছর আয়োজন করা সম্ভব হয়নি। শুদ্ধ বাংলা চর্চার পাশাপাশি দেশের ঐতিহ্যের চর্চাও হবে এ আয়োজনের মাধ্যমে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও এমাদ ইস্পাহানি।