বাড়তি ভাড়া নিচ্ছে না সদরঘাট রুটের কোনো বাস
রাজধানীর সদরঘাটের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাসস্ট্যান্ড অন্যতম ব্যস্ত একটি বাসস্ট্যান্ড। এখান থেকে গাবতলী, মিরপুর, গাজীপুর, সাভারসহ আটটি ভিন্ন রুটে চলে গণপরিবহন। গতকাল শুক্রবার মধ্যরাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পায়। এসব রুটের যাতায়াতকারী মানুষের আগ্রহ ছিল ভাড়া বাড়াল কি না অথবা গণপরিবহনের সংকট হয়েছে কি না তা নিয়ে।
সকাল আট থেকে বাসস্ট্যান্ডে অবস্থান করে বাসের ভিড় দেখা যায়। নিয়মিত সব রুটে একের পর এক ছেড়ে যায় বাসগুলো। শনিবার হলেও যাত্রীর সংখ্যা ছিল মোটামুটি। তবে কোনো বাসেই বাড়তি ভাড়ার জন্য যাত্রীদের চাপ দেওয়া হয়নি। পরে সকাল ১০টার দিকে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি বাসে উঠলে দেখা যায়, সব যাত্রীর কাছ থেকে আগে ভাড়া আদায় করা হচ্ছিল। সদরঘাট থেকে ফার্মগেট পর্যন্ত ভাড়া ২০ টাকা। বাসচালকের সহকারী তা–ই নিচ্ছিলেন। শিক্ষার্থীদের থেকেও নেওয়া হয়েছে অর্ধেক ভাড়া।
এ পরিবহনের বাসচালকের সহকারী রবিউল আলম বলেন, তেলের দাম বাড়লেও এখনো ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে সরকার থেকে সিদ্ধান্ত এলে তারপরই ভাড়া বাড়ানো হবে।
বাসে ছিলেন গুলিস্তানগামী যাত্রী নজরুল ইসলাম। ভাড়া না বাড়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন।
কলেজশিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ‘ভেবেছিলাম এখন থেকে আর অর্ধেক ভাড়া নেবে না। কিন্তু অর্ধেক ভাড়া নেওয়া হয়েছে।’
তবে মিরপুর চিড়িয়াখানা থেকে সদরঘাট পথে চলাচলকারী তানজিল পরিবহনের একটি বাসে ভাড়া বেশি নেওয়া হচ্ছিল। সকালে রাজধানীর টেকনিক্যাল মোড়ে সকাল ১০টার দিকে চালকের সহকারী যাত্রীদের উদ্দেশে বলছিলেন, ‘ফার্মগেট ২৫, গুলিস্তান ৪০’। গতকাল পর্যন্ত এই দূরত্বে ভাড়া নেওয়া হয়েছে ১৫ ও ২৫ টাকা৷
সড়কে গণপরিবহনের সংখ্যা স্বাভাবিক থাকলেও ব্যক্তিগত গাড়ির পরিমাণ ছিল কম।
ফার্মগেট পর্যন্ত আসার সময় সড়কে যানজট মোটেই ছিল না। সদরঘাট থেকে ফার্মগেট আসতে সময় লাগে আধা ঘণ্টার মতো। পথে শুধু গুলিস্তানে পাঁচ থেকে সাত মিনিট সিগন্যালে আটকে থাকতে হয়েছিল। তবে সড়কে কার, মাইক্রোবাস, মোটরসাইকেলের পরিমাণ ছিল খুবই কম। শুধু বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিগত গাড়ি চলতে দেখা যায়।
ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে লিটারপ্রতি দাম বেড়েছে ৩৪ টাকা। পেট্রলে ৪৪ টাকা এবং অকটেনে বেড়েছে ৪৬ টাকা। গতকাল দিবাগত রাত ১২টার পর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ডিজেলের দাম হবে প্রতি লিটার ১১৪ টাকা, যা এত দিন ৮০ টাকা ছিল। কেরোসিনের দামও একই হারে বাড়ানো হয়েছে। নতুন দাম ডিজেলের সমান, অর্থাৎ ১১৪ টাকা। বাড়ানো হয়েছে পেট্রল ও অকটেনের দামও। পেট্রলের নতুন দাম প্রতি লিটার ১৩০ টাকা, যা এত দিন ৮৬ টাকা ছিল। অকটেনের দাম ৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।