শিল্প-সংলাপে প্রাণ পেল ‘কসমস আর্ট ইকো’

কসমস অ্যাটেলিয়ার৭১ স্টুডিওতে শিল্পকলা নিয়ে আলোচনা করেন শিল্পী মাহবুবুর রহমান। মালিবাগ, ঢাকা, ২২ মেছবি: সংগৃহীত

সমকালীন শিল্পচর্চা, শিল্পভাবনা ও সামাজিক বাস্তবতার নানা দিক নিয়ে অনুষ্ঠিত হলো ‘কসমস আর্ট ইকো’র দশম পর্ব। শিল্পকলাকে শুধু প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে এর সামাজিক, রাজনৈতিক ও মানবিক মাত্রা নিয়ে আলোচনা এবং মতবিনিময়ের লক্ষ্যেই ছিল এই আয়োজন।

রাজধানীর মালিবাগের কসমস সেন্টারের কসমস অ্যাটেলিয়ার৭১ স্টুডিওতে শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে। এবারের পর্বের শিরোনাম ছিল ‘দ্য স্টোরি অব অ্যান অ্যাংরি ম্যান টকিং টু আ ওয়াল’। যৌথভাবে এ আয়োজন করে গ্যালারি কসমস ও কসমস অ্যাটেলিয়ার–৭১।

শিল্পবিষয়ক উন্মুক্ত সংলাপ, সমালোচনামূলক চিন্তা ও সাংস্কৃতিক বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে ‘কসমস আর্ট ইকো’ ইতিমধ্যে শিল্পী ও শিল্পবোদ্ধাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণ শিল্পীদের অংশগ্রহণ এ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলছে।

কসমস অ্যাটেলিয়ার৭১-এর মেম্বারশিপ কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এ উদ্যোগে নিয়মিতভাবে শিল্পী-আলাপ, কর্মশালা, আর্ট ক্যাম্প, চলচ্চিত্র প্রদর্শনী, উন্মুক্ত শিল্প-আয়োজন ও আর্ট অকশনের মতো নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

এবারের এই অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী মাহবুবুর রহমান। তিনি তাঁর শিল্পচর্চার অভিজ্ঞতা, দীর্ঘ শিল্পযাত্রা এবং দক্ষিণ এশিয়ার শিল্পবাস্তবতা নিয়ে কথা বলেন। আলোচনায় উঠে আসে শিল্প ও সমাজের সম্পর্ক, ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতিফলন এবং প্রতিরোধের ভাষা হিসেবে শিল্পের ভূমিকা।

এ আয়োজনে শিল্পী, কিউরেটর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পশিক্ষার্থী ও শিল্পানুরাগীরা অংশ নেন। পুরো অনুষ্ঠানজুড়ে দর্শক ও শিল্পীদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং শিল্প নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আয়োজকদের ভাষ্য, শিল্পের অন্তর্নিহিত ভাবনা, শিল্পীর অভিজ্ঞতা ও এর সামাজিক প্রেক্ষাপট দর্শকের সামনে তুলে ধরাই ‘কসমস আর্ট ইকো’র মূল উদ্দেশ্য। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ সমকালীন শিল্পচর্চাকে আরও গতিশীল ও অংশগ্রহণমূলক করে তুলছে।