বজ্রপাত, ঝোড়ো হাওয়ার সঙ্গে রাজধানীতে অনেকটা বৃষ্টি
দিনের একটা বড় অংশজুড়ে আজ সোমবার রাজধানীর আকাশ ছিল মেঘলা। সেই সঙ্গে ভ্যাপসা গরম। কে বলবে নভেম্বরের এক সপ্তাহ পার হয়ে গেছে? দেশের উত্তর জনপদের অনেক জায়গায় এখন ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যায়। উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস; আর রাজধানীতে সর্বনিম্ন ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। ব্যবধান অনেকটাই। আজ সন্ধ্যার বৃষ্টি সেই ব্যবধান কমাতে পারে, আবহাওয়াবিদেরা বলছেন তেমনটাই।
রাজধানীতে আজ বৃষ্টির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এমন নয় যে অনেক দিন পর রাজধানীতে বৃষ্টি হলো। এ মাসে রাজধানীর উত্তরা ও মিরপুরে সামান্য হলেও বৃষ্টি হয়েছে; কিন্তু প্রায় এক মাস ধরে এভাবে মেঘের গর্জন, বজ্রপাত আর ঝোড়ো হাওয়া নিয়ে বৃষ্টি আসেনি।
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় আবহাওয়া অধিদপ্তরে দায়িত্বে থাকা আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি হতে পারে; আর এতটা মেঘের ডাক, বজ্রপাত কিংবা ঝোড়ো হাওয়া অন্তত এক মাসের মধ্যে দেখা যায়নি।
কার্তিক মাসের শেষ দিকে বৃষ্টি হয়ে সাধারণত শীত নামে। সাগরে লঘু চাপ থেকে নিম্নচাপের সৃষ্টি হয়; আর সেই নিম্নচাপ বৃষ্টি ঝরায় সাধারণত। এবারেও সাগরে কয়েকটা লঘুচাপ থেকে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল; কিন্তু এর প্রভাব বাংলাদেশে তেমনটা পড়েনি। পড়েছে ভারতের অন্ধ্র কিংবা ওডিশা রাজ্যে। আজকের বৃষ্টি তাই অন্তত রাজধানীর আক্ষেপ মেটাল; আর এর ফলে দিনের ভাগে যে তাপমাত্রার বৃদ্ধি, তা কমতে পারে বলে মনে করেন আবহাওয়াবিদ নাজমুল ইসলাম। তিনি বলছিলেন, মঙ্গলবারও রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে কিছুটা; আর সামান্য বৃষ্টিও হতে পারে।
আজকের এই মেঘলা আকাশ আর বৃষ্টি—এটা মূলত পুবালি বাতাসের আধিক্যের কারণেই হয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। এর উৎপত্তিস্থল দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অঞ্চল। এর সঙ্গে পশ্চিমা একটি লঘুচাপও মিলিত হয়েছে। পুবালি বাতাস সাগরে বয়ে আসার সময় সেখানে থাকা জলীয়বাষ্পকে সঙ্গী করেছে; আর তা মেঘ হয়ে বৃষ্টি আকারে ঝরেছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে; আর যে পশ্চিমা লঘুচাপের প্রভাব তৈরি হয়েছে, এতে করে রংপুর এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশের মতো কম বৃষ্টি হয়েছে। এ মাসেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানা গেছে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে।
বৃষ্টি দিনের ভাগের ভ্যাপসা গরম কিছুটা কমিয়ে দিতে পারে; কিন্তু এই বৃষ্টি সমস্যা সৃষ্টি করতে পারে ডেঙ্গুর বিস্তারে— এমন আশঙ্কা কীটতত্ত্ববিদদের।