শিশুটি অপহরণ হয়নি, মা আরেক নারীকে দিয়ে দিয়েছিলেন: পুলিশ
রাজধানীর বাসাবো বৌদ্ধমন্দির এলাকা থেকে ৯ দিন বয়সী যে শিশু অপহরণের কথা বলা হয়েছিল, সে অপহৃত হয়নি। শিশুটির মা নিজেই একজন নারীকে লালনপালনের জন্য সন্তানকে দিয়ে দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
আজ শনিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে প্রথম আলোকে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা এ তথ্য জানিয়েছেন।
ওসি প্রলয় টেলিফোনে প্রথম আলোকে বলেন, দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুটির মা হালিমা জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন, তাঁর বাচ্চাটিকে অজ্ঞাতনামা এক নারী অপহরণ করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির তথ্য সংগ্রহ করা হয়। সন্ধ্যার পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হালিমা স্বীকার করেন, তিনি আগে মিথ্যা বলেছিলেন। স্বামী রিকশাচালক। তাঁদের অভাবের সংসার। চার সন্তানকে লালন করা কঠিন। সবকিছু ভেবে তিনি স্বেচ্ছায় ওই নারীর হাতে সন্তানকে তুলে দিয়েছেন।
এদিকে শিশুটির বাবা মকসুদ আলী প্রথম আলোকে বলেন, তাঁর অজ্ঞাতে স্ত্রী এমনটা করেছেন। যে নারীর কাছে সন্তানকে দিয়েছেস, তার সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে।
ওসি প্রলয় কুমার সাহা বলেন, আগামীকালই শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
এর আগে হালিমা খাতুনের বরাত দিয়ে প্রলয় কুমার সাহা প্রথম আলোকে বলেছিলেন, রাজারবাগ থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে হালিমা তাঁর ৯ দিনের সন্তান জুনায়েদকে নিয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা হন। হালিমাকে বহনকারী অটোরিকশাটি কদমতলা এলাকায় এলে ওই অটোরিকশায় আরও এক নারী ওঠেন। এরপর অটোরিকশাটি বৌদ্ধমন্দিরের অদূরে থামার পর হালিমা তাঁর সন্তানকে নিয়ে নেমে যান। ওই অজ্ঞাতনামা নারীও সেখানে নামেন। তারপর ওই নারী জুনায়েদকে কোলে নেন। এরপর হালিমা কিছু বুঝে ওঠার আগেই ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যান।