রাজধানীর আবদুল্লাহপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত
রাজধানীর আবদুল্লাহপুরে বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি ওই এলাকার একটি মাছের আড়তে পানি সরবরাহের কাজ করতেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান গ্রামে। পরিবার গ্রামে থাকলেও তিনি আবদুল্লাহপুর এলাকায় থাকতেন।
নিহত আনোয়ারের ভাতিজা শাহিনুর ইসলাম জানান, আজ সকালে আড়তের কাজ শেষ করে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের পাশের একটি হোটেলে খাবার খান আনোয়ার। খাবার খেয়ে রাস্তা পার হওয়ার সময় ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে একটি ব্যাটারিচালিত রিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন বাসটি জব্দ করলেও এর চালক পালিয়ে যান।
শাহিনুর ইসলাম আরও জানান, গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে প্রথমে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং সবশেষ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।