প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি বৃক্ষরোপণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
অনুষ্ঠানে অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, প্রচলিত কেক কাটার অনুষ্ঠানের পরিবর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তাধারা ও আদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁর ৬২তম জন্মদিনে ৬২টি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মোর্শেদ হাসান খান বলেন, আন্তর্জাতিক পর্যায়ে তারেক রহমান বাংলাদেশের স্বার্থ তুলে ধরছেন। বিশেষ করে জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে তিনি ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ, বাংলাদেশ বৈশ্বিক কার্বন নিঃসরণে খুব সামান্য অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এদেশকে বেশি বহন করতে হয়।
অধ্যাপক মোর্শেদ হাসান খান আরও বলেন, ‘আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচির ধারাবাহিকতায় গত ১৩ জুন কক্সবাজারের মালুমঘাট এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্মসূচিটির উদ্বোধন করেন। সরকারি হিসাব অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে প্রায় ৩ কোটি ১৭ লাখ বৃক্ষরোপণ করা হয়েছে।’
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণত জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজন এড়িয়ে চলেন। ছাত্রদলের পক্ষ থেকে তাঁর জন্মদিন পালনের বিভিন্ন কর্মসূচির কথা জানানো হলেও তিনি বিনয়ের সঙ্গে সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সবুজায়ন ও বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতা-কর্মীরা।